
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাত ধরে মঞ্চে উঠলেন লুৎফুর রহমান। চোখে কালো ফ্রেমের চশমা, গায়ে কালো ব্লেজার আর চোখে যেন ভেসে উঠছে পুরোনো সব স্মৃতি। মঞ্চ থেকে নামতে নামতে তিনি জানালেন, জীবনভর একটু আড়ালেই থাকতে চেয়েছেন, এমন আলোকসজ্জায় নাকি কেমন কেমন লাগছে।
সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারের আজীবন সম্মাননার জন্য এমন আড়ালের মানুষকেই খুঁজে নেওয়া হয়েছে এবার। বাংলাদেশ ক্রিকেটের শুরুর দিনগুলোর সঙ্গে যিনি জড়িয়েছিলেন ওতপ্রোতভাবে। আজীবন সম্মাননার উত্তরীয় যখন পরিয়ে দেওয়া হচ্ছে, তখনো ৯৩ বছর বয়সী লুৎফুর রহমানের মনে পড়ছিল পুরোনো দিনগুলোর কথা, ‘এটা আসলে আমার প্রত্যাশার বাইরে ছিল।’
১৯৩৩ সালের নভেম্বরে কুমিল্লায় জন্ম, শৈশব কেটেছে ময়মনসিংহে। ময়মনসিংহের পণ্ডিতপাড়া অ্যাথলেটিক ক্লাবে ক্রিকেটে হাতেখড়ি। পঞ্চাশের দশকের শুরুতে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেটে অভিষেক। পূর্ব পাকিস্তান দলের হয়ে খেলেছেন কায়েদে আজম ট্রফিতেও। ১৯৫৭-৫৮ মৌসুমে তাঁর নেতৃত্বে কায়েদে আজম ট্রফির ইস্ট জোনে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।
ক্রিকেটার হিসেবে খেলার পাশাপাশি সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। লুৎফুর রহমানের উদ্যোগে আয়োজিত কারদার সামার ক্রিকেট একসময় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে বেশ জনপ্রিয় ছিল। নব্বইয়ের দশকে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে লম্বা সময় ধরে ছিলেন প্রধান নির্বাচকের দায়িত্বেও।
ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিনের পথচলার অভিজ্ঞতা ও স্মৃতি ধরে রাখতে লেখালেখি শুরু করেছেন কয়েক বছর আগে। যখন নির্বাচক ও আমার ক্লাব, ক্রিকেটের সঙ্গে পথচলা এবং ষাটের দশকের ক্রিকেট এই বাংলায় বইগুলোতে উঠে এসেছে এ অঞ্চলের ক্রিকেটের শুরুর দিকের নানা ঘটনা। দুর্লভ স্কোরকার্ড, ছবি ও স্মৃতির ফোয়ারাও আছে এসব বইয়ে।
আজীবন সম্মাননা পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে লুৎফুর রহমান বলেন, ‘স্বীকৃতি পাওয়াটা তো আসলে একটা বিরাট ব্যাপার। প্রথম আলো যে কাজটা করে যাচ্ছে, এটা খুব ইউনিক। আমার দেশের খেলাধুলা নিয়ে কেউ এতটা করে না।’
এরপর স্বভাবসুলভ সংকোচকে সঙ্গী করে ছুড়ে দিলেন পাল্টা প্রশ্ন, ‘আমি কি সত্যিই এত কিছু করতে পেরেছি যে এই সম্মান পাওয়ার জন্য উপযুক্ত হই?’
যাঁরা দেশের ক্রিকেটের ইতিহাস জানেন, তাঁদের কাছে উত্তরটা ‘হ্যাঁ’–ই হবে, কথাটা বলার পর আবারও যেন সংকোচে পড়ে যান লুৎফুর রহমান। যেমন সংকোচে পড়ে গিয়েছিলেন সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে তাঁর জন্য দেওয়া করতালির শব্দে।