বরগুনা জেলা স্কুলের পেসার রাফিন আহমেদ
বরগুনা জেলা স্কুলের পেসার রাফিন আহমেদ

জাতীয় স্কুল ক্রিকেট

৪–৪–০–৬!

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট শুরু হয়েছে গত শুক্রবার। ৫০ ওভার সংস্করণের এ টুর্নামেন্টে ব্যাটিংয়ে এরই মধ্যে দুটি ডাবল সেঞ্চুরি দেখা গেছে। আজ দেখা গেল জাদুকরি এক বোলিং ফিগার।

গত মঙ্গলবার আল ফারুক একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ আজিজ ১৭৭ বলে অপরাজিত ২০১ রানের ইনিংসে মৌসুমের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেয়। একই দিন সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সাইফুর রহমান খেলে ১১২ বলে অপরাজিত ২২৮ রানের ইনিংস। আজ বরগুনা স্টেডিয়ামে কেওড়াবুনিয়া হাইস্কুলের বিপক্ষে অবিশ্বাস্য বোলিং করে বরগুনা জেলা স্কুলের বাঁহাতি পেসার রাফিন আহমেদ।

৪ ওভার বোলিং করে রাফিন কোনো রান দেয়নি। মেডেন নেয় সব কটি ওভারই। উইকেট ৬টি!

বরগুনার এই খুদে পেসার বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দলের পেসার। টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা কেওড়াবুনিয়া হাইস্কুলকে বলতে গেলে একাই ধসিয়ে দেয় রাফিন। তার ৬ উইকেট, আরাফের ৩ উইকেট ও মুসা ইব্রাহিমের ১ উইকেটে ১৬ ওভারে মাত্র ৩২ রানেই অলআউট হয় কেওড়াবুনিয়া হাইস্কুল।

অতিরিক্ত থেকে ১৮ রান না এলে কেওড়াবুনিয়া হাইস্কুলের স্কোর আরও কম হতো। ৬টি ওয়াইড ও ২টি নো বল করার আক্ষেপ হতে পারে বরগুনা জেলা স্কুলের বোলারদের। এর বাইরে দিনটা বলতে গেলে নিখুঁত ছিল বরগুনা জেলা স্কুলের বোলারদের জন্য। কেওড়াবুনিয়া হাইস্কুলের ব্যাটসম্যানদের স্কোর ক্রমনুযায়ী এমন—১, ২,০,০,৩,০,১,৭,০,০,০।

তাড়া করতে নেমে মাত্র ২ ওভারে ১০ উইকেটে জেতে বরগুনা জেলা স্কুল। ওপেনার সিয়াম মোল্লা এক প্রান্তে ১০ এবং ফারহান ১৩ রানে অপরাজিত ছিল। আশ্চর্যের বিষয়, এই ২ ওভারে অতিরিক্ত থেকে যে ১২ রান এসেছে, তার সবই ওয়াইড!