আইপিএলে নতুন কীর্তি গড়েছেন লোকেশ রাহুল
আইপিএলে নতুন কীর্তি গড়েছেন লোকেশ রাহুল

বিধ্বংসী সেঞ্চুরিতে রাহুলের রেকর্ড, ছাড়িয়ে গেলেন অভিষেককে

শেষ ওভারের ব্যাটিং নিয়ে আক্ষেপ কিছুটা থাকতেই পারে লোকেশ রাহুলের। অর্শদীপ সিংয়ের শেষ ওভারে চার বল খেলে একটির বেশি বাউন্ডারি যে মারতেই পারলেন না!
তবে শেষের এই আক্ষেপ একপাশে সরিয়ে রাখলেও উচ্ছ্বাসে ভেসে যাওয়ার মতো কীর্তিই গড়েছেন রাহুল।

আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের এই ব্যাটসম্যান পাঞ্জাবের বিপক্ষে খেলেছেন ৬৭ বলে অপরাজিত ১৫২ রানের এক ইনিংস। যা আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। শুধু আইপিএলই নয়, টি–টুয়েন্টি ক্রিকেটেই ভারতের ব্যাটসম্যানদের মধ্যে এর চেয়ে বড় ইনিংস ইনিংস আর কারও নেই।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামের ম্যাচটিতে ওপেনিংয়ে নামা রাহুল মাঠ ছেড়েছেন নামের পাশে ১৬ চার আর ৯ ছক্কা নিয়ে। শেষ ওভারে অর্শদীপের চার বল খেলে একটি চার আর তিনটি সিঙ্গেল নিয়েছেন। পুরো ইনিংস যে তালে খেলেছেন, তাতে শেষ দিকে বাউন্ডারি আরও এক–দুটি বাড়লে ব্রেন্ডন ম্যাককালামকেও ছাড়িয়ে যেতে পারতেন রাহুল।

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ১৫৮* রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের ম্যাককালাম। পরে ২০১৩ সালে পুনের বিপক্ষে বেঙ্গালুরুর জার্সিতে ১৭৫* রানের আরও বড় ইনিংস খেলেন ক্রিস গেইল। ১৮ আসর পার করে ফেলা আইপিএলে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস এই দুটি।

৪৭ বলে সেঞ্চুরি করেছেন রাহুল, আইপিএলে তাঁর দ্রুততম

রাহুল আজ টুর্নামেন্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রানের পথে স্বদেশিদের ছাড়িয়েছেন। আইপিএলে এর আগে ভারতীয়দের সর্বোচ্চ ছিল অভিষেক শর্মার ১৪১। পাঞ্জাবের বিপক্ষে হায়দরাবাদ ওপেনার রেকর্ডটি গড়েছিলেন গত বছর।

রাহুল নতুন করে গড়েছেন টি–টুয়েন্টিতে ভারতীয়দের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও। ২০২৪ সালের সৈয়ম মুশতাক আলী ট্রফিতে মেঘালয়ার বিপক্ষে ৬৭ বলে ১৫১ রান করেছিলেন তিলক বর্মা। সমান বল খেলেই আজ রাহুল সেটি ছাড়িয়ে গেছেন।

রাহুলের অপরাজিত ইনিংসটির সুবাদে দিল্লি প্রথমে ব্যাট করে তোলে ২ উইকেটে ২৬৪, যা আইপিএলে দলটির সর্বোচ্চ। তবে এরপরও দলটি জিততে পারেনি। প্রবিস্মরন সিংয়ের ৭৬ আর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অপরাজিত ৭১ রানের ইনিংসে ভর করে ৭ বল বাকি থাকতেই জিতে যায় ৬ উইকেটে জিতে যায় পাঞ্জাব। আইপিএল ইতিহাসে এটি সর্বোচ্চ রান তাড়ায় জয়।

পাঞ্জাব ভেঙেছে নিজেদেরই রেকর্ড। ২০২৪ সালে কলকাতার বিপক্ষে দলটি জিতেছিল ২৬২ রানের লক্ষ্যপূরণ করে।