সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার ব্রিটজকে
সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার ব্রিটজকে

দারুণ শুরু, তবু দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার অস্ট্রেলিয়ার

জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৯৮। বিনা উইকেটেই তারা করে ফেলে ৯০ রান। তাও আবার তখনো পাওয়ার প্লে-ই শেষ হয়নি। অথচ এমন অবস্থা থেকেও কি না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা ম্যাচটা হেরে গেছে ৬৭ রানে।

আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৪১.২ ওভার ব্যাট করে ২৩০ রানে অলআউট অস্ট্রেলিয়া। ডারবানে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা কিন্তু অস্ট্রেলিয়ার মতো ভালো হয়নি।

২৯ রানে তারা হারিয়ে ফেলেছিল ২ উইকেট। সেখান থেকে টেম্বা বাভুমার সঙ্গে দলের হাল ধরেন ম্যাথু ব্রিটজকে। অধিনায়ক বাভুমা ৩০ রান করে আউট হয়ে যান কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পান ব্রিটজকে।

বাকি ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে না পারলেও মার্কো ইয়ানসেনের ৫৯ বলে ৭৫ রানে ভর করে ভালো পুঁজি পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২৯৭ রান করে তারা। অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস নেন ৩ উইকেট।

রান তাড়ায় নেমে দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ ভালো শুরু এনে দেন অস্ট্রেলিয়াকে। ৩৬ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলে কেশব মহারাজের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মার্শ। অস্ট্রেলিয়ার স্কোর তখন ৯.২ ওভারে ৯০/১। স্কোর বোর্ডে আরও ৩৯ রান যোগ হওয়ার পর হেড ফেরেন৩৭ বলে ৩৬ রান করে।

তিনে নামা কুপার কনোলি (৪২ বলে ৩৮) ও পাঁচে নামা ম্যাচ রেনশ (৪৯ বলের ৪৪) রান পেলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ ২৫ রানে তারা হারায় ৪ উইকেট। ৯.২ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সেখানে সামনে থেকে নেতৃত্ব দেন বাঁহাতি স্পিনার মহারাজ।