পথটা প্রথম দেখিয়েছেন বাংলাদেশের আল–আমিন হোসেন। অন্তত স্বীকৃত টি–টুয়েন্টি যেটিকে বলা হয়, সেই ক্রিকেটে। এক ওভারে বল হয় ৬টা। পাঁচটাতেই উইকেট পাওয়া তো আর চাট্টিখানি কথা নয়। বছরের ৩৬৫ দিনই পৃথিবীর কোনো না কোনো প্রান্তে টি–টুয়েন্টি চলার এই রমরমা সময়েও কীর্তিটা তাই বিরলই।
এবার এক ওভারে ৫ উইকেট নেওয়ার সেই বিরল কীর্তিতে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার চ্যাড লিকক। সিএসএ প্রো২০ কাপে কাল টাইটানসের বিপক্ষে এই কীর্তি গড়েছেন নাটাল–ইনল্যান্ডের এই পেসার।
পিটারমারিৎসবার্গে ম্যাচটিতে লিকক শেষ পর্যন্ত পেয়েছেন ২৬ রানে ৬ উইকেট। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি–টুয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নেওয়ার পথে তিনি গড়েছেন টানা চার বলে ৪ উইকেট নেওয়ার রেকর্ডও।
লিকক রেকর্ডটি গড়েছেন টাইটানসের ইনিংসের ১৯তম ওভারে। প্রথম বলে লেউস দু প্লয়িকে ফিরিয়ে শুরু। দ্বিতীয় বলে অবশ্য উইকেট পাননি। তবে তৃতীয় থেকে ষষ্ঠ—এই টানা চার বলে আউট করেন দাইয়ান গালিয়েম, আফিউয়ে মান্যান্দা, জানকো স্মিট ও এসোসা আইহেভবাকে। তাতেই ৪ উইকেটে ১৯৩ রান থেকে ২০৪ রানেই শেষ হয়ে যায় টাইটানসের ইনিংস।
এমন রেকর্ড গড়েও অবশ্য ম্যাচ জেতা হয়নি লিককের দলের। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮৩ রানেই থামে নাটাল–ইনল্যান্ড।
পুরুষদের টি–টুয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নেওয়া বোলারদের তালিকায় লিকক চতুর্থ। তাঁর আগে এই কীর্তি গড়েছেন বাংলাদেশের আল–আমিন হোসেন, ভারতের অভিমন্যু মিথুন ও ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা।
২০২৫ সালের ডিসেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে নারী টি–টুয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন প্রিয়ান্দানা। নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এখন পর্যন্ত তিনিই একমাত্র বোলার, যাঁর এই কীর্তি আছে।
২০১৩ সালে বিজয় দিবস টি–টুয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি–বিসিবি একাদশের হয়ে প্রথম এই কীর্তি গড়েন আল–আমিন।
এরপর ২০১৯–২০ মৌসুমে ভারতের ঘরোয়া টি–টুয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে হরিয়ানার বিপক্ষে কর্ণাটকের হয়ে এক ওভারে ৫ উইকেট নেন মিথুন। এবার সেই বিরল তালিকায় যুক্ত হলো লিককের নামও।