কোথাও ঘাস আছে, কোথাও মরে শুকিয়ে গেছে। ঘাসের নিচে প্রচুর বালু।
কোথাও ঘাস আছে, কোথাও মরে শুকিয়ে গেছে। ঘাসের নিচে প্রচুর বালু।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার

ঘাস নিয়ে এনএসসি–বাফুফে ঠেলাঠেলি

মাঠে ঘাস লাগানো নিয়ে এনএসসি-বাফুফে ঠেলাঠেলি। যত অবহেলা যেন আসল জায়গাতেই

ব্রাহ্মণবাড়িয়ার ২২-২৩ বছরের যুবক হাফেজ মোহাম্মদ মইনউদ্দিন কাল পড়ন্ত বিকেলে খুঁটিয়ে খুঁটিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ দেখছিলেন। অনুমতি ছাড়া মাঠ দেখতে এসে বিপদে পড়েন কি না মনে ছিল এই ভয়ও। মাঠে তখন এই প্রতিবেদকের উপস্থিতি দেখে একটু সাহস জোগাল তাঁকে। মইনউদ্দিন বিস্ময়ভরা কণ্ঠে প্রতিবেদকে প্রশ্ন করলেন, ‘ভাই এটা কি আমাদের জাতীয় স্টেডিয়াম! এখানেই কি মেসিরা খেলে গেছেন! মাঠের এ অবস্থা কেন?’

মাঠের কী অবস্থা বলা যাক। মাঠে ঘাস লাগানো হয়েছে। কিন্তু কোথাও ঘাস আছে, কোথাও মরে শুকিয়ে গেছে। ঘাসের নিচে প্রচুর বালু। এবড়োখেবড়ো অবস্থা। ধু ধু মরুভূমির মতো দেখতে অনেকটা। মাঠটা সবুজ করে তুলতে আরও কিছু কাজ বাকি। সেই কাজ এনএসসি না বাফুফে করবে, তা নিয়ে শুরু হয়েছে চাপান-উতোর। একে অন্যের কোর্টে বল ঠেলছে। এনএসসি বলেছে, বাকি কাজটা বাফুফে নিজস্ব অর্থায়নে যেন করে নেয়। আবার বাফুফে সাফ বলে দিয়েছে, তারা সেই দায়িত্ব নেবে না।

বিষয়টা ব্যাখ্যা করে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম কাল প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ পুলিশের মাঠটা যারা করেছে, তাদের আমরা এনএসসির সঙ্গে সম্পৃক্ত করেছিলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাঠ তৈরিতে। ওই প্রতিষ্ঠান বলেছে, মাঠে পূর্ণাঙ্গ ঘাস লাগাতে ১৮-২০ লাখ টাকা লাগবে। কিন্তু এনএসসি বলছে, মাঠের জন্য তাদের বরাদ্দ ১২ লাখ টাকা। ভ্যাট বাদে যা দাঁড়ায় ১০ লাখ। বাকি টাকা বাফুফে খরচ করে যেন ঘাসের কাজটা করিয়ে নেয়। কিন্তু বাফুফে সেটা করবে না। আমরা পরিষ্কার ‘না’ বলে দিয়েছি।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারে শতকোটি টাকার কাজ হচ্ছে, অথচ যে মাঠে খেলোয়াড়েরা দৌড়াবে, সেখানেই বরাদ্দ এত কম! গ্যালারি, ফ্লাডলাইট এত কিছু করে তাহলে কী লাভ! অন্যান্য সুযোগ-সুবিধার জন্য তো মাঠ নয়, মাঠের জন্যই এত আয়োজন
বাফুফে সাধারণ সম্পাদক

‘না’ করার ব্যাখ্যা দিয়ে বাফুফের সাধারণ সম্পাদকের ভাষ্য, ‘এটা আমাদের মৌন প্রতিবাদ। সেটা এই অর্থে যে, বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারে শতকোটি টাকার কাজ হচ্ছে, অথচ যে মাঠে খেলোয়াড়েরা দৌড়াবে, সেখানেই বরাদ্দ এত কম! গ্যালারি, ফ্লাডলাইট এত কিছু করে তাহলে কী লাভ! অন্যান্য সুযোগ-সুবিধার জন্য তো মাঠ নয়, মাঠের জন্যই এত আয়োজন। তাই আমরা আজ ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব সাহেবের কাছে বলে দিয়েছি, ৭-৮ লাখ টাকা বড় নয়। বড় হলো, মাঠের ঘাসের জন্য কেন পর্যাপ্ত বরাদ্দ নেই।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে

তার মানে স্টেডিয়াম সংস্কারে সঠিক খাতে সঠিক বরাদ্দ হয়নি। এমন ক্ষোভ জানিয়ে বাফুফের সাধারণ সম্পাদকের সংযোজন, ‘যেন শুধু সিলেবাস শেষ করার জন্য কাজটা হচ্ছে। মাঠে ঘাস লাগানোর খরচ বাফুফে করবে না। এটা বাফুফের দায়িত্ব নয়।’

এনএসসি সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সুকুমার সাহা ঘাসের জন্য বরাদ্দ বাড়ানোর সুযোগ নেই বলেই জানিয়েছেন। ঘাস লাগানোর কাজটা বাফুফের তত্ত্বাবধানেই চলছে জানিয়ে তিনি প্রথম আলোকে বলেছেন, ‘ঘাসের জন্য যা বরাদ্দ, সেটা আমরা দিচ্ছি। আমাদের এ মুহূর্তে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। সরকার পরে বরাদ্দ বাড়ালে ভিন্ন কথা, তবে এখন অতিরিক্ত বরাদ্দ দেওয়া যাবে না। আমরা সেটা বাফুফেকে বলেছি।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান কদিন  আগে বলেছিলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠের ঘাস নিয়ে যেহেতু বিতর্ক হয়, ঘাসের মান নিয়ে প্রশ্ন ওঠে, তাই মাঠে ঘাস লাগানোর তদারকির কাজটা বাফুফেকেই দেওয়া হয়েছে। মার্চেই তারা আমাদের ঘাসের কাজটা বুঝিয়ে দেওয়ার কথা।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারকাজ শুরু হয় ২০১৯ সালের আগস্টে। ১৭ মাস চলছে, এখনো কাজ শেষ হওয়ার লক্ষণ নেই। এখন ঘাস লাগানো নিয়ে এনএসসি-বাফুফে ঠেলাঠেলিতে মাঠ তৈরির কাজটা আরও দীর্ঘায়িত করতে পারে। তা ছাড়া ফ্লাডলাইট আর ছাদের একাংশের জন্য সরকারের কাছে অতিরিক্ত বরাদ্দ চেয়েছে এনএসসি। সেই বরাদ্দ কবে পাওয়া যাবে, কবে স্টেডিয়াম সংস্কার শেষ হবে, কেউ জানে না।