
গতকাল পুরো দলের আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে। ক্রিকেটাররা ছিলেন সেখানে, ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও। এরপর বিকেলে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনও করেন তাঁরা। তারপর আজ সকালেই অনূর্ধ্ব–১৯ দলের ক্রিকেটারদের উড়াল দেওয়ার কথা ছিল ওমানের উদ্দেশে।
যুব দলের নতুন ব্যাচের প্রথম সফর ছিল এটাই। কিন্তু কাল রাতে ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়, ভিসা না মেলায় সকালের ফ্লাইটে যাওয়া হচ্ছে না। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিসিবি জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি যুব ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে ওমানের উদ্দেশে ভ্রমণ স্থগিত করা হয়েছে। দু–একদিনের মধ্যে বাংলাদেশ দল যেতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।
বিসিবির দাবি, এই সিরিজের স্বাগতিক আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের জানিয়েছে এখনো ওমান কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় আছে তারা। সেপ্টেম্বরের শুরু থেকে ভিসা প্রক্রিয়াটি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মাধ্যমে সমন্বয় করা হচ্ছে।
ভিসা হাতে পাওয়ার পরপরই ভ্রমণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলকে প্রস্তুত রেখেছে বলেও জানিয়েছে বিসিবি। কিন্তু অনূর্ধ্ব–১৯ দলের বেশির ভাগ ক্রিকেটারের জন্যই এটি দেশের বাইরের প্রথম সফর। সেটির মাত্র এক দিন আগে ভ্রমণ স্থগিত হওয়ার ঘোষণা তাঁদের জন্য বড় ধাক্কা।
এ ক্ষেত্রে বিসিবির দায় কী কিংবা এত আগে প্রক্রিয়া শুরু করেও ঠিক সময়ে কেন ভিসা পাওয়া গেল না, ভিসা না পেলে কেনই বা ক্রিকেটারদের নিয়ে ফটোসেশন হলো; এসবের ব্যাখ্যা জানতে ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ফাহিম সিনহাকে।
ওমানের ক্রিকেট একাডেমি মাঠে ১৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা এই সিরিজ। ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর হবে সিরিজের বাকি ম্যাচগুলো।