৫ উইকেটের পর সেঞ্চুরি পেয়েছেন মেহেদী হাসান
৫ উইকেটের পর সেঞ্চুরি পেয়েছেন মেহেদী হাসান

জাতীয় ক্রিকেট লিগ

মার্শালের ৩০তম সেঞ্চুরি, ৬ উইকেটের পর সেঞ্চুরি মেহেদীরও

জাতীয় ক্রিকেট লিগে আজ ছিল ব্যাটসম্যানদের দিন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০তম সেঞ্চুরি তুলে নিয়েছেন ঢাকার মার্শাল আইয়ুব। সেঞ্চুরি পেয়েছেন তাঁর সতীর্থ মাহিদুল ইসলাম, চট্টগ্রামের সাদিকুর রহমান ও শাহাদাত হোসেন এবং খুলনার মেহেদী হাসান। এর মধ্যে মেহেদীর কীর্তিটা একটু বেশি কারণ, একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিয়েছেন তিনি।

মার্শালের ১৭৫, ঢাকা ৫৪৭

সিলেটের নাসুম আহমেদের করা বলটিকে সু্ইপ করলেন মার্শাল আইয়ুব। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। ৯৮ থেকে ১০২ হয়ে গেল মার্শালের রান। কিন্তু সেঞ্চুরি করেও একটু নিরাসক্ত রইলেন মার্শাল। একটু দেরিতেই হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরলেন। তাঁর কাছে এ আর এমন কী! তিনটি টেস্ট খেলা ব্যাটসম্যানের এটি যে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০তম সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এর চেয়ে বেশি সেঞ্চুরি আছে মাত্র দুজনের। শুধু জাতীয় ক্রিকেট লিগ হিসাব করলে টুর্নামেন্টে এটি মার্শালের ২১তম সেঞ্চুরি। ২২ সেঞ্চুরি নিয়ে তাঁর ওপরে শুধু নাঈম ইসলাম (২২)।

৮০ রান নিয়ে দিন শুরু করা মার্শাল আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ পর্যন্ত ফিরেছেন ১৭৫ রান করে। ৩২০ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী মাহিদুল ইসলামও সেঞ্চুরি পেয়েছেন। ঢাকা বিভাগের অধিনায়ক করেছেন ১০৮ রান। এই সংস্করণে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি। মার্শাল-মাহিদুলের জুটি জাতীয় লিগ ইতিহাসে তৃতীয় উইকেটে দলটির সর্বোচ্চ।

তাঁদের দল ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৫৪৭ রান তুলে। ২ উইকেটে ১৫৪ রান তুলে দ্বিতীয় দিনটা শেষ করেছে স্বাগতিক সিলেট।

ময়মনসিংহকে চাপে ফেলেছে রংপুর

সিলেটের একাডেমি মাঠে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ১৮৩ রান ময়মনসিংহের। রংপুরের প্রথম ইনিংসের চেয়ে ২৩৯ রানে পিছিয়ে দলটি। এর আগে ৬ উইকেটে ৩৭০ রান নিয়ে দিন শুরু করা রংপুর ৯ উইকেটে ৪২২ রান করে ইনিংস ঘোষণা করে।

ময়মনসিংহ ৩০ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ৮১ রান যোগ করেন খালিদ হাসান (৭২) ও আরিফুল ইসলাম (৪৬)। পেসার মুশফিক হাসান আরিফুলকে ফেরানোর পর নিয়মিত উইকেট হারাতে থাকে ময়মনসিংহ। মুশফিক ও লেগ স্পিনার স্বাধীন ইসলাম পেয়েছেন ৩টি করে উইকেট।

৬ উইকেটের পর এবার মেহেদীর সেঞ্চুরি

আগের দিন ৬ উইকেট নিয়ে রাজশাহীকে ১১৯ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছিলেন খুলনার মেহেদী হাসান। এই অফ স্পিনিং অলরাউন্ডার আজ পেয়ে গেছেন সেঞ্চুরিও। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর সপ্তম সেঞ্চুরি। মেহেদী ষষ্ঠ সেঞ্চুরিটি পেয়েছিলেন ২০১৯-২০ মৌসুমে। ষষ্ঠ সেঞ্চুরির ম্যাচেও ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন মেহেদী। মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর বাংলাদেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে একাধিকবার সেঞ্চুরি ও ৫ উইকেটের। আটে নেমে ১১৮ বলে ১০৪ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মেহেদী। তাঁর দল দিন শেষ করেছে ৪৬৩ রান নিয়ে।

সাদিকুর-শাহাদাতের সেঞ্চুরিতে চট্টগ্রামের দাপট


কক্সবাজারে রানের পাহাড়ে চড়ছে চট্টগ্রাম। বরিশালের বিপক্ষে ৪ উইকেটে ৪৭৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করা দলটি এগিয়ে ১৯৭ রানে। চট্টগ্রামের সাদিকুর রহমান করেছেন ১৪৯ রান। আগের ম্যাচেও সেঞ্চুরি পেয়েছিলেন এই ওপেনার। শাহাদাত হোসেন অপরাজিত আছেন ১০১ রানে। এ ছাড়া ওপেনার মাহমুদুল হাসান ৫৭ ও তিনে নামা পারভেজ হোসেন করেছেন ৭৪ রান।