গত মে মাসে মারা যান অ্যান্ড্রু সাইমন্ডস
গত মে মাসে মারা যান অ্যান্ড্রু সাইমন্ডস

সাইমন্ডসের নামে স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড

ক্রিকেট থেকে অবসরের পর উত্তর কুইন্সল্যান্ডের ওই শহরেই বাস করতেন অ্যান্ড্রু সাইমন্ডস। সেখানকার ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন। এবার সেখানকার ক্রিকেট স্টেডিয়াম টাউন্সভিলের গ্র্যান্ড স্ট্যান্ডের নামকরণ করা হলো অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডারের নামে। গত ১৪ মে টাউন্সভিলের কাছে এক সড়ক দুর্ঘটনায় ৪৬ বছর বয়সে মারা যান সাইমন্ডস।

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডেতে স্মরণ করা হয়েছিল সাইমন্ডসকে। ম্যাচ শুরুর আগে পরিবারের সদস্য ও পোষা দুই কুকুরের উপস্থিতিতে ক্রিজে সাইমন্ডসের প্রিয় ব্যাগি গ্রিন, ব্যাট, মাছ ধরার সরঞ্জাম রেখে বিশেষভাবে উদ্‌যাপন করা হয়েছিল অস্ট্রেলিয়ার হয়ে ২৩৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এ অলরাউন্ডারের জীবনকে। অস্ট্রেলিয়া দলের পানি টানার কাজ করেছিল সাইমন্ডসের ছেলে ও মেয়ে।

সাইমন্ডসের ১০ বছর বয়সী মেয়ে ক্লোয়ি টাউন্সভিলের গ্র্যান্ড স্ট্যান্ডের নামকরণ বাবার নামে করার পর বলেছে, ‘আমার মনে হচ্ছে চারপাশের সবাই তাঁকে অনেক ভালোবেসে যাবে। আমি জানি, তিনি অনেক বড় কিছু পছন্দ করতেন না। এ গ্র্যান্ড স্ট্যান্ডটাও অনেক বড় নয়। মনে হয় এটিকেও ভালোবাসতেন তিনি।’

অ্যান্ড্রু সাইমন্ডসের ছেলে ও মেয়ে, গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টাউন্সভিলের ওয়ানডেতে

আট বছর বয়সী ছেলে উইলের মনে পড়ছে এ মাঠে বাবার সঙ্গে খেলার কথা, ‘এখানে একটা টেনিস বলের মেশিন থাকত, সেটি দিয়ে আমার দিকে বল ছুড়তেন। সারা দিন ব্যাটিং করতাম। তাঁর এসব কিছু মিস করি আমি। একবার বিদায় বলতে পারতাম যদি!’

গ্র্যান্ড স্ট্যান্ডে সাইমন্ডসের নাম তাঁকে মনে করিয়ে দেবে সব সময়। উইলও বলছে সেটিই, ‘এটি মনে থাকবে আমার। তিনি ওপর থেকে আমাকে দেখছেন।’

ছেলেকে এমন সম্মান দেওয়াতে গর্বিত তাঁর মা বারবারাও, ‘আমার ছেলে শুধু ক্রিকেট খেলতে ভালোবাসত। তবে যখন জানবেন, তাকে এত লোকে ভালোবাসত, খুবই গর্ব হয়।’

এর আগে গত মার্চে থাইল্যান্ডে হার্ট অ্যাটাকে মারা যাওয়া আরেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের নামে রাখা হয়েছে মেলবোর্নের এমসিজির একটি স্ট্যান্ডের নাম।