ভারতের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে রাখা হয়েছে নাজমুলকে
ভারতের বিপক্ষে  ‘এ’ দলের সিরিজে রাখা হয়েছে নাজমুলকে

ভারতের বিপক্ষে ওয়ানডে দলেও আছেন নাজমুল, আছেন ‘এ’ দলেও

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলের সঙ্গে এর আগে শুরু হতে যাওয়া ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের দলেও রাখা হয়েছে ব্যাটসম্যান নাজমুল হোসেনকে। আজ ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বিসিবি।

নাজমুল প্রথম ম্যাচটি খেলে ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। আগামী ২৯ নভেম্বর কক্সবাজারে শুরু হবে ‘এ’ দলের প্রথম আন-অফিশিয়াল টেস্ট ম্যাচ। ৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে। এ সিরিজের জন্য গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

সর্বশেষ জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম, শরীফুল ইসলামরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছিলেন, তাইজুলকে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত রাখতেই ‘এ’ দলের সিরিজে পাঠানো হচ্ছে। শরীফুলকেও ‘এ’দলে রাখার কথা জানিয়েছিলেন তিনি।

‘এ’ দলকে আবার নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।

আজ ঘোষিত ‘এ’ দলে নাজমুলকে রাখা প্রসঙ্গে আরেক নির্বাচক হাবিবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘শান্ত (নাজমুল) খুব বেশি লাল বলের ম্যাচ খেলেনি। তাই একটা ম্যাচ খেলে তারপর দলের সঙ্গে দেবে। তাহলে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজের প্রস্তুতিটাও হয়ে যাবে।’

চার বছরের ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে খেলেছেন নাজমুল। ১৪.৫৩ গড়ে করেছেন ১৮৯ রান, এখন পর্যন্ত ফিফটি নেই কোনো। অবশ্য বাংলাদেশের সর্বশেষ ৬টি ওয়ানডের মধ্যে ৫টিতেই খেলেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

ওয়ানডে সিরিজের পর ভারত ও বাংলাদেশ খেলবে দুই টেস্টের সিরিজ। ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

সর্বশেষ তামিলনাড়ুতে বিসিবি একাদশ নামে সফর করেছিল একটি দল। সেই সিরিজের চার দিনের ম্যাচের দল থেকে এবার ‘এ’ দলে জায়গা হয়নি সাইফ হাসান, মুকিদুল ইসলাম ও পেসার এনামুল হকের। ওয়ানডে সিরিজের দলে আছেন বলে ‘এ’ দলে নেই উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক।

এবার নাজমুল ছাড়াও ‘এ’ দলে এসেছেন মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম ও সুমন খান। এবারের জাতীয় লিগে ৬ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে সবার ওপরে ছিলেন ঢাকা বিভাগের সুমন। সে পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন এ ডানহাতি পেসার।

এবারও ‘এ’ দলের নেতৃত্বে আছেন মোহাম্মদ মিঠুন।

ভারত ‘এ’ দলের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ‘এ’ দল

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাজমুল হোসেন, তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, রেজাউর রহমান, খালেদ আহমেদ, সুমন খান।