জাকের আলী
জাকের আলী

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসছেন জাকের–মুশফিক, খেলবেন ‘এ’ দলে

লিটন দাসের পুরোপুরি ফিট হওয়ার খবরটা সকালেই দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন। কাফ মাসলের চোট থেকে সেরে উঠে দলের সঙ্গে যোগ দিলেও প্রস্তুতি ম্যাচে খেলেননি। তাঁকে নিয়ে তাই কিছুটা সংশয় ছিল। তবে সংবাদ সম্মেলনে নাজমুল জানান, শতভাগ ফিট আছেন লিটন।

পেসার শরীফুল ইসলামের সুস্থ হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার খবরও জানিয়ে বিসিবি বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ায় টেস্ট দলের সঙ্গী হওয়া জাকের আলী ও মুশফিক হাসান দেশে ফিরে আসছেন।

জাকের দলের সঙ্গী হয়েছিলেন মূলত লিটন দাসের চোটের কারণেই। প্রথম টেস্টের দলেও শুরুতে ছিলেন না লিটন। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো সাড়া পাওয়ায় দলের সঙ্গে যোগ দেন। এখন পুরোপুরি সেরে ওঠায় জাকের দেশে ফিরে আসছেন।

তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও ইবাদত হোসেনের সঙ্গে মুশফিক পঞ্চম পেসার হিসেবে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। একাদশে তাঁর খেলার সম্ভাবনাই ছিল কম। এর মধ্যে শরীফুল ইসলাম দ্বিতীয় টেস্টের জন্য ফিট হয়েছেন। আজ রাতেই উড়াল দিচ্ছেন তিনি, মুশফিক তাই অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে থাকছেন না।

১৬ আগস্ট দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল মাঠে নামবে। ২৩ আগস্ট হবে দুই দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ। এই ম্যাচগুলোর দলে থাকবেন জাকের ও মুশফিক।