ডারউইন টেস্ট জয়ের পর বাংলাদেশ দল
ডারউইন টেস্ট জয়ের পর বাংলাদেশ দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে কে আছেন, কে নেই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোটের কারণে এই টেস্টের দলেও নেই পেসার নাহিদ রানা।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকা সৌম্য সরকারকে রাখা হয়নি। বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদও। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ দলে ফিরেছেন।

নাহিদ রানার অবর্তমানে দলে এখন পেস বোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেন হাসান মাহমুদ ও তাসকিন। সঙ্গে আছেন শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। নাজমুল হোসেনের অধিনায়কত্বে প্রথম টেস্টের দলে আছেন এই চারজনই।

নাহিদ রানা গত জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজে টি–টুয়েন্টি খেলতে গিয়ে সাইড স্ট্রেনের চোটে পড়েন। সেই চোট তাঁকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে দেয়নি, পুনর্বাসনপ্রক্রিয়া শেষ না হওয়ায় ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও। পুনর্বাসনের মধ্যেই নতুন করে নিতম্বে ব্যথা অনুভব করায় এই টেস্টেও নেই নাহিদ রানা।

আফগানিস্তানের বিপক্ষে সৌম্য খেলার সুযোগ পাননি। তাঁকে এর আগে অস্ট্রেলিয়া সিরিজের দলেও রাখা হয়েছিল। সেখানেও খেলার সুযোগ পাননি। তিনি বাদ পড়েছেন না খেলেই।

তাওহিদ হৃদয় টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন। তিনিও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাননি।

সৌম্য টেস্ট দল থেকে বাদ পড়েছেন টেস্ট না খেলেই, এর মধ্যে ওয়ানডে খেলেছেন

অফ স্পিনার নাঈম হাসানকেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে। সঙ্গে আছেন যথারীতি তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের এ টেস্ট সিরিজে প্রথমটি ২৮ অক্টোবর শুরু হবে মিরপুরে। ৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট।

প্রথম টেস্টের দল

নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, হাসান মাহমুদ,  ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।