তিন ম্যাচ খেলে পেয়েছেন মাত্র ৪ উইকেট, অন্য কোনো বোলার হলে হয়তো বাদ দেওয়া নিয়ে প্রশ্নই থাকত না। কিন্তু বোলারের নাম জিমি অ্যান্ডারসন; একাদশ থেকে বাদ দেওয়ার কথাই ভাবেনি ইংল্যান্ড। আজ ওভালে শুরু হতে যাওয়া অ্যাশেজের শেষ টেস্টে ইংল্যান্ড দলে আছেন অ্যান্ডারসন, অধিনায়ক বেন স্টোকসের ভাষায় যিনি ‘গ্রেটেস্ট ফাস্ট বোলার’।
এই ওভালেই পাঁচ বছর আগে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন অ্যালিস্টার কুক। অনেকের ধারণা ছিল, এবার একই মাঠ থেকে বিদায় বলবেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৬৮৯ উইকেট নেওয়া এই পেসার ওভাল টেস্টের চতুর্থ দিন ৪১ বছর পূর্ণ করবেন। তবে বয়স বা ফর্মের দিকে এখনো তাকাতে রাজি নন অ্যান্ডারসন। খেলে যেতে চান অধিনায়ক যত দিন চান। স্টোকসও আস্থা রাখছেন অভিজ্ঞ পেসারের ওপরই।
ইংল্যান্ড ওভালে নামছে সিরিজে সমতা আনার চ্যালেঞ্জ নিয়ে। এ মুহূর্তে অস্ট্রেলিয়া এগিয়ে ২–১ ব্যবধানে। সমতা আনতে হলে ওভালে ড্র হলেও চলবে না, জিততেই হবে। এমন আবশ্যিক জয়ের ম্যাচে ফর্মে না থাকা অ্যান্ডারসনের অভিজ্ঞতায় আস্থা রাখছেন স্টোকস। গতকাল ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের অধিনায়কের বক্তব্য ছিল এমন, ‘যে ধরনের ভূমিকা রাখার, সেটা তিনি রাখতে পারেননি। তবে অ্যান্ডারসন মানসম্পন্ন বোলার। আমার এই চেয়ারে বসে তাঁর বিষয়ে “না” বলাটা কঠিন।’
স্টোকসের মতে, অ্যান্ডারসনকে খেলানো নিয়ে চারপাশে যে কথা হয়, সেটা একটু বেশিই। উদাহরণ দিয়ে জো রুটের নামও টেনে এনেছেন স্টোকস, ‘জো রুট যদি চাওয়া অনুসারে না খেলতে পারত, ব্যাটসম্যান হিসেবে তাঁর দলে থাকা নিয়ে আপনারা প্রশ্ন করতেন না। অ্যান্ডারসন এই খেলাটার ইতিহাসের সেরা ফাস্ট বোলার। তাঁকে এখনো দুই বছর আগের মতোই দেখাচ্ছে।’
গতকাল টেলিগ্রাফে লেখা একটি কলামে অ্যান্ডারসন নিজেও বলেছেন, এখনো নিজেকে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের একজন হিসেবে অনুভব করছেন। এখনো অবসরের কথা ভাবছেন না তিনি।