পাকিস্তান দলের চোটের মিছিলে যোগ দিলেন স্পিনার নোমান আলী। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন এই বাঁহাতি স্পিনার। পিসিবি প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ পেটে ব্যথার পর তাঁর তীব্র অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। স্ক্যানে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নোমান শুক্রবার রাত হাসপাতালে কাটিয়েছেন। সকালে তাঁর ল্যাপারোস্কোপিক অ্যাপেনডেক্টমি করা হয়েছে। পিসিবি জানিয়েছে, নোমানের শারীরিক অবস্থা স্থিতিশীল ও ভালো আছেন। বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলে স্পিনার ছিলেন দুজন—আবরার আহমেদ ও নোমান। প্রস্তুতি ম্যাচে ডান পায়ে চোট পাওয়ায় আবরারকে পার্থ টেস্টে পায়নি পাকিস্তান। সিরিজের বাকি দুটি টেস্টে আবরার খেলতে পারবেন কি না, তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে অফ স্পিনার সাজিদ খানকে।
যদিও প্রথম টেস্ট শুরুর আগে সময়মতো অস্ট্রেলিয়ায় পৌঁছাতে পারেননি এই স্পিনার। পাকিস্তান প্রথম টেস্টে খেলেছে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই। প্রথম টেস্ট শেষে বাঁহাতি স্পিনার নোমান আঙুলের চোটে ভুগছেন, এই তথ্য জানিয়েছিলেন অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে থাকা মোহাম্মদ হাফিজ। এবার জানা গেল, অসুস্থতায় সিরিজ শেষ নোমানের। মেলবোর্ন টেস্টে স্পিনার খেলাতে চায় পাকিস্তান। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্ট সাজিদের খেলা অনেকটাই নিশ্চিত। মেলবোর্ন টেস্টের আগে ভিক্টোরিয়া একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান। সেখানে খেলেছেন সাজিদ।
নোমানের অসুস্থতা নিয়ে পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘নোমান আলী গতকাল তলপেটে তীব্র ও আকস্মিক ব্যথা অনুভূত হওয়ার কথা জানান। স্ক্যান ও অন্যান্য পরীক্ষার পর তার তীব্র অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। সার্জনের পরামর্শ অনুযায়ী আজ তার ল্যাপারোস্কোপিক অ্যাপেনডেক্টমি করা হয়েছে।’ নোমানের বদলি হিসেবে নেওয়া হয়েছে স্পিনার মোহাম্মদ নেওয়াজকে।
পাকিস্তান দল এই সফরে চোটের সঙ্গেও লড়াই করছে। এমনিতেই দীর্ঘমেয়াদি চোটে নাসিম শাহ অনেক দিন ধরেই দলের বাইরে। সঙ্গে চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাকি দুই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন পাকিস্তানের পেসার খুররম শাহজাদ।
পার্থে অভিষেক টেস্টে পাঁজর ও তলপেটে চোট পান খুররম। পার্থে অভিষেক টেস্টে ভালো বোলিং করেছিলেন খুররম। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৮৩ রানে নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও ভালো বোলিং করেন-৪৫ রানে ৩ উইকেট।
পার্থে ৩৬০ রানের হারে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে পাকিস্তান। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।