জয়ে নারী এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা
জয়ে নারী এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা

জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের, অভিষেকটা ভালো হলো না ইন্দোনেশিয়ার

ভালো লাইন-লেন্থের বোলিংয়ে বাংলাদেশকে প্রায় পুরোটা সময়ই চাপে রেখেছিল ইন্দোনেশিয়া। রান তোলার গতিও ছিল মন্থর। তবু শুরুতে সোবহানা মোস্তারির দৃঢ়তা আর শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে ১২৯ রানের পুঁজি পায় বাংলাদেশ।

ওই রানই যথেষ্ট হয়েছে তাদের জয়ের জন্য। নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে ৭১ রানে জিতেছে নিগার সুলতানার দল। বল হাতে নাহিদা আক্তার ও মারুফা আক্তার পেয়েছেন ২ উইকেট। 

এবারই প্রথম নারী এশিয়া কাপে খেলতে এসেছে ইন্দোনেশিয়া। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের অভিষেকটা ভালো হলো না তাদের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশের প্রথম উইকেট তুলে নিয়ে কিছুটা চাপেও ফেলে দেয়।

তিন উইকেট পেয়েছেন নাহিদা আক্তার

পাওয়ার প্লের ৬ ওভারে ওভারপ্রতি ছয় রান করেও তুলতে পারেনি বাংলাদেশ। ৩২ রানে ১ উইকেট ছিল তাদের। রানের গতি কিছুটা ধীর থাকলেও সোবহানা মোস্তারি ও ওপেনার দিলারা আক্তার বাংলাদেশকে এগিয়ে নেন।

দিলারা ইনিংসের বেশির ভাগ সময়ই অস্বস্তিতে ছিলেন। ছন্দ খুঁজে পাওয়ার আগেই থেমে যায় তাঁর ৩১ বলে করা ২৭ রানের ইনিংস। অধিনায়ক নিগার সুলতানাও ১১ বলে ১০ রান করে ক্যাচ তুলে দেন।

এরপর সোবহানার সঙ্গী হন স্বর্ণা। দুজনের ১৯ বলের জুটিতে আসে ২১ রান। ইনিংসের শেষ দিকে যখন রান তোলার সময়, তখন ৪২ বলে ৪০ রান করে আউট হয়ে যান সোবাহানাও। তবে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন স্বর্ণা।

সোবহানা যখন আউট হন, তখন তাঁর রান ছিল ১১ বলে ১৪। পরে আরও ৭ বল খেলে ১৭ রান যোগ করেন স্বর্ণা। ১৮ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কায় করেন ৩১ রান। অথচ আরেক প্রান্তে ৭ রান যোগ করতেই আউট হন ৪ ব্যাটসম্যান।

বোলিংয়ের শুরুটাও হতাশার ছিল বাংলাদেশের জন্য। কোনো উইকেট না হারিয়ে ২.৩ ওভারে ১৯ রান তুলে ফেলে ইন্দোনেশিয়া; কিন্তু পাওয়ার প্লের মধ্যেই দলটির দুই ওপেনারই হার মানেন মারুফা আক্তারের দুর্দান্ত বোলিংয়ের কাছে।

পরের কাজটা করে দেন বাংলাদেশের স্পিনাররাই। সহ–অধিনায়ক নাহিদা আক্তার নেন ৩ উইকেট। একটি করে উইকেট পান সানজিদা আক্তার ও ফাহিমা খাতুন। ইন্দোনেশিয়ার হয়ে ১৩ বলে ১২ রান করা ওপেনার মারিয়া কোরাজোনই সর্বোচ্চ রান সংগ্রাহক।

এশিয়া কাপে নিজেদের পরের ম্যাচে ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।