ক্যাম্পবেল টম্পসন
ক্যাম্পবেল টম্পসন

৮ উইকেট নিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া কে এই ক্যাম্পবেল টম্পসন

ক্যাম্পবেল টম্পসন নামটি অস্ট্রেলিয়ার ক্রিকেটে খুব পরিচিত নয়। জাতীয় দলের হয়ে খেলা তো দূরের কথা, প্রথম শ্রেণির ক্রিকেটেও তাঁর অভিজ্ঞতা মাত্র একটি ম্যাচের। এমন এক অনভিজ্ঞ পেসারই ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছেন একাই।

কী করেছেন? ২২ বছর বয়সী এই পেসার ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৫ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট। তাঁর বোলিংয়ে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ৫৪ রানে। হেরেছে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে।

বাঁহাতি টম্পসন পেসার হিসেবে এক্সপ্রেস গতির কেউ নন। তবে জায়গামতো বোলিং করে নিজের কাজটা করতে জানেন এই তরুণ। নতুন বলে সুইং করানোর পাশাপাশি স্টাম্প টু স্টাম্প বল করে যেতে পারেন। ডারউইনে বাংলাদেশি ব্যাটসম্যানদের আউট করতে এটুকুই যথেষ্ট ছিল তাঁর।

অফস্পিনার কোরি রকিচোলি দুটি উইকেট না পেলে তো দশটিই হয়তো যেতে পারত এই টম্পসনের! অন্তত যেভাবে বোলিং করেছেন এটুকু বলা বাড়াবাড়ি হবে না।

৮ উইকেট নিয়েছেন টম্পসন

দ্বিতীয় ইনিংসে অমিত হাসান ও মেহেদী হাসান মিরাজ ছাড়া সবাই আউট হয়েছেন বাঁহাতি এই পেসারের বলে। সৌম্য সরকার, মুশফিকুর রহিম, নাজমুল হোসেনরাও তাঁর সামনে দাঁড়াতেই পারেননি। ইনিংসে বাংলাদেশের হয়ে দুই অঙ্কে যেতে পেরেছেন শুধু তানজিদ হাসান। এই ওপেনার করেছেন ২২ রান।

এমন পারফরম্যান্সের পরও নিজের কৃতিত্ব নিয়ে বড় গলায় কিছু বলেননি, ‘কখনো কখনো ভাগ্য সহায় হয়। এদিন সেটিই হয়েছে। সিরিজের ঠিক কয়েক দিন আগে একটা টেস্ট দলের বিপক্ষে খেলাটা সব সময়ই দারুণ অভিজ্ঞতা ও সুযোগ।’

তবে ৮ উইকেটকে শুধু ভাগ্যের ফল বলার সুযোগ নেই। ম্যাচের পর জানিয়েছেন নিজের পরিকল্পনা, ‘আজ সকালে আমরা পরিকল্পনাটা ঠিক করে নিয়েছিলাম। নতুন বল কীভাবে ব্যবহার করব, সেটি পরিষ্কার ছিল। বল সুইং করানো এবং স্টাম্পে আঘাত করাই ছিল লক্ষ্য।’

গত মৌসুমে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের আগে প্রাইম মিনিস্টার্স একাদশের হয়ে খেলেছেন ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে। গত নভেম্বরে সেই ম্যাচে আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয় তাঁর।

এরপর দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে কাপ ও শেফিল্ড শিল্ডে অভিষেক। শেফিল্ড শিল্ডে উসমান খাজার মতো ব্যাটসম্যানকেও ভুগিয়েছেন। সেই অভিজ্ঞতা তাঁকে আরও আত্মবিশ্বাসী করেছে বলে জানিয়েছেন তিনি।

তবে গত মৌসুমটা শেষ করতে পারেননি চোটের কারণে। ওয়ানডে কাপের একটি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান। মৌসুমের শেষ দিকে প্রায় এক মাস পুনর্বাসনে কাটাতে হয় তাঁকে। এরপর চলে প্রাক্‌-মৌসুমের প্রস্তুতি। বাংলাদেশের বিপক্ষে ভালো করার পরও নিজের ভবিষ্যৎ নিয়ে অবশ্য খুব বেশি দূরের কথা ভাবছেন না তিনি। ধাপে ধাপে এগোতে চান।

টম্পসনের এই পারফরম্যান্স বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তাও। ১৩ আগস্ট শুরু ডারউইন টেস্টে যে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো বোলারদের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে! নিশ্চিতভাবেই সেই পরীক্ষা অনেক অনেক বেশি কঠিন হবে।