লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ফাইনালে হেরে গেল সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের দল জাফনা কিংস। জাফনার ছুঁড়ে দেওয়া ১২৪ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই টপকে গেছে গল গ্যালান্টস। গলের স্কোয়াডে নুরুল হাসান থাকলেও একাদশে ছিলেন না ফাইনালে।
টসে জিতে ব্যাট করতে নেমে ২৫ রানে আভিস্কা ফার্নান্দোকে হারায় জাফনা। ৩১ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর ব্যাট করতে নামেন হৃদয়।
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেললেও ফাইনালে তেমন কিছু করতে পারেননি। ইশান মালিঙ্গাকে চার মেরে শুরুটা অবশ্য ভালোই করেছিলেন। কিন্তু সাচিন্দু কলম্বাগেকে উড়িয়ে মারতে গিয়ে হৃদয় ক্যাচ দেন মোহাম্মদ নওয়াজকে, ফেরেন ১০ বলে ১০ রান করে। জাফনা তখন ৩ উইকেট হারিয়ে তুলেছে ৫১ রান।
৬৮ রানে দল ৫ উইকেট হারানোর পর সাতে নামেন সাকিব। কিন্তু ১৩ বলে ৯ রানের বেশি করতে পারেননি। মালিঙ্গার বলে ক্যাচ দিয়েছেন কলম্বাগেকে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা জাফনা শেষ পর্যন্ত ১৯.৩ ওভারেই অলআউট হয়ে যায় ১২৩ রানে।
মাত্র ১২৩ রানের পুঁজিতে ম্যাচ জিততে হলে অসাধারণ কিছু করতে হতো জাফনাকে। কিন্তু তারা সেটা করতে পারেনি। সাকিব অবশ্য নিজের কাজটা করে গেছেন ঠিকঠাক। নিজের দ্বিতীয় ওভারেই তুলে নিয়েছেন দুই উইকেট।
২৭ বলে ৩৪ রান করে ফেলার পর ফিরিয়েছেন টমাস রজার্সকে। এরপর ১৯ বলে ৩১ রান করে ফেলা দিনুরা কালুপাহানাকে ফিরিয়েছেন দারুণ এক আর্মারে বোল্ড করে।
কিন্তু ৭৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পরও গলকে লক্ষ্যের দিকে নিয়ে গেছেন সাহান আরাচ্চিগে ও দাসুন শানাকা। ২৫ বল বাকি থাকতেই দুজন নিশ্চিত করেছেন জয়। ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে নিজের বোলিং শেষ করেছেন সাকিব।