৩ উইকেট নিলেন নাহিদ রানা
৩ উইকেট নিলেন নাহিদ রানা

গতিতে এবার পিএসএল কাঁপালেন নাহিদ রানা

৪-১-৭-৩

পাকিস্তান সুপার লিগে নিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেসার নাহিদ রানার বোলিং ফিগার এটি।

পিএসএল অভিষেকে পেশোয়ার জালমির হয়ে প্রথম ম্যাচে ৩ ওভারে ৩০ রান খরচ করা নাহিদ রানা আজ করাচি কিংসের বিপক্ষে এভাবেই জ্বলে উঠেছেন। তাঁর জ্বলে ওঠার ম্যাচে করাচি কিংসকে ১৫৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে পেশোয়ার। রানের হিসাবে এটিই পিএসএল ইতিহাসে কোনো দলের সবচেয়ে বড় জয়।

করাচিতে টসে হেরে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও বাবর আজমের ৮৭ রানের ইনিংসে ৩ উইকেটে ২৪৬ রান তুলেছিল পেশোয়ার। জবাবে নাহিদ রানা আর দুই স্পিনার ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকিমের বোলিংয়ে মাত্র ৮৭ রানে গুটিয়ে গেছে ডেভিড ওয়ার্নারের করাচি।

১৯১ রানের জুটি গড়েছেন বাবর ও কুশল

অথচ শূন্য রানেই পেশোয়ার হারিয়েছিল মোহাম্মদ হারিসের উইকেট। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ১৯১ রান তোলেন অধিনায়ক বাবর। ৪৮ বলে সেঞ্চুরি করা কুশল ৫২ বলে ১০৯ রানে করে আউট হন। ৫১ বলে ৮৭ রানে অপরাজিত ছিলেন বাবর।

জবাবে করাচি উইকেট হারায় ১ রানেই। ইফতিখারের বলে আউট হন মোহাম্মদ ওয়াসিম। এরপর দলীয় ৪ রানে আউট হন ওয়ার্নার। তাঁকে ফেরান বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। ৩ ওভারে ২৩ রান দিয়ে শরীফুল ১ উইকেট পেয়েছেন।

নাহিদ রানা আউট করেছেন সাদ বেগ, খুশদিল শাহ ও অ্যাডাম জাম্পাকে। এর মধ্যে নিজের তৃতীয় ওভারে কোনো রান না দিয়ে ফেরান খুশদিল ও জাম্পাকে। ৪ ম্যাচে এটি পেশোয়ারের তৃতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে।