৪ উইকেট নেন হাসান মাহমুদ
৪ উইকেট নেন হাসান মাহমুদ

হাসানের ৪ উইকেট, অস্ট্রেলিয়ায় বাকি বোলাররা কেমন করলেন

২ উইকেটে ৫১ রান নিয়ে প্রস্তুতি ম্যাচে আজ দ্বিতীয় দিনটা শুরু করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬৩ রান ছাড়িয়ে স্বাগতিকেরা তাদের প্রথম ইনিংসে থেমেছে ৩৫৫ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ ২ উইকেটে ১৯ রান তুলে দিনের খেলা শেষ করে। ডারউইনের মারারা ওভালে দ্বিতীয় দিন শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ এগিয়ে ৭৩ রানে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে বাংলাদেশের জন্য প্রস্তুতির মঞ্চ তিন দিনের এই ম্যাচ। প্রথম দিনে মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি করলেও হতাশ করেছিলেন বাকি ব্যাটসম্যানরা। আজ বেশির ভাগ বোলাররাও ভালো করতে পারেননি।

তবে তাঁদের মধ্যেই সবচেয়ে সফল হাসান মাহমুদ। প্রথম দিনই এক উইকেট পাওয়া এই পেসার আজ পেয়েছেন আরও তিন উইকেট। ১৯ ওভারে পাঁচটি মেডেন করে ৪২ রান দিয়ে ৪ উইকেট নেন হাসান।

১টি উইকেট নেন ইবাদত

গতকাল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের দুই উইকেটের একটি পাওয়া তাসকিন ১৫ ওভারে চারটি মেডেন নিয়ে ৫৬ রানে মোট ২ উইকেট নেন। দুই উইকেট পেয়েছেন মিরাজও।

তবে বাংলাদেশের বাকি তিন পেসারই বেশ হতাশ করেছেন। খালেদ আহমেদ ও ইবাদত একটি করে উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন। ১২.২ ওভার বল করা খালেদ রান দিয়েছেন ওভারপ্রতি ৪.৪১ গড়ে এবং ১৩ ওভার করা ইবাদত ৫.০৮ গড়ে রান দিয়েছেন।

টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা আরেক পেসার মুশফিক হাসানের অবস্থা আরও খারাপ। ৪ ওভারে ৩৮ রান দিয়ে উইকেট পাননি। প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় আঙুলে চোট পেয়েছেন তাইজুল ইসলাম। পর্যবেক্ষণে থাকা এই বাঁহাতি স্পিনার তাই আজ বোলিং করেননি। তাঁর জায়গায় বোলিং করেন মুশফিক হাসান।

সেঞ্চুরি করেন টিগ ওয়াইলি

অস্ট্রেলিয়া একাদশের হয়ে সেঞ্চুরি করা টিগ ওয়াইলি ১৭৭ বলে ১৩০ রান করেছেন। ফিফটি পেয়েছেন জেক ডোরান ও কার্টিস পিটারসন।

সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ প্রথম ইনিংস :  ২৬৩ (সাদমান ৩১, তানজিদ ০, মুমিনুল ১৬, নাজমুল ৩৭, মুশফিক ০, অমিত ১৫, মিরাজ ১০৯*, সৌম্য ১৬, তাইজুল ১০, হাসান ৪, খালেদ ১৫; কোরি ৬/৮৩, জ্যাকবস ১/২৮, থম্পসন ১/২৬)।ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ প্রথম ইনিংস: ৩৫৫ ( কনস্টাস ১, কেলাওয়ে ০, প্যাটারসন ৫৩, ওয়াইলি ১৩০, ডোরান ৭৬; তাসকিন ২/৫৬, হাসান ৪/৪২, ইবাদত ১/৬৬, খালেদ ১/৫১, মুশফিক ০/৩৮, মুমিনুল ০/২০) বাংলাদেশ দ্বিতীয় ইনিংস :  ১৯/২ (তানজিদ ৭*, সাদমান ৬, মুমিনুল ৬; থম্পসন ২/১০)—দ্বিতীয় দিন শেষে।

আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ ওভার ব্যাট করেছে বাংলাদেশ। এর মধ্যেই হারিয়ে ফেলেছে সাদমান ইসলাম ও মুমিনুল হকের উইকেট। ক্যাম্পবেল থম্পসনের বলে ক্যাচ তুলে আউট হন ৬ রান করা সাদমান। পরের ওভারে মুমিনুল (৬) বোল্ড হলে দিনের খেলা শেষ হয়। ১৩ বলে ৭ রানে অপরাজিত তানজিদ।