এবারের আইপিএলে উইকেট পাচ্ছেন না যশপ্রীত বুমরা
এবারের আইপিএলে উইকেট পাচ্ছেন না যশপ্রীত বুমরা

৮ ম্যাচে মাত্র ২ উইকেট—আইপিএলে বুমরা কেন পাত্তা পাচ্ছেন না

আধুনিক ক্রিকেটে যশপ্রীত বুমরা এক ধাঁধার নাম। ভারতকে দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতানো এই বোলারকে সময়ের সেরা বলেন অনেকেই।

সেই বুমরাই এবারের আইপিএলে অচেনা। এবারের আইপিএলে কমপক্ষে ৩০ ওভারের বেশি বোলিং করেছেন, এমন বোলারদের মধ্যে সবচেয়ে বাজে গড় এখন বুমরার।

এবার টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে তো বুমরা উইকেটই পাননি। কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস—পাত্তা পাননি কোনো দলের কাছেই।

বুমরা নিজের ষষ্ঠ ম্যাচে এসে গুজরাট টাইটানসের সাই সুদর্শনকে প্রথম বলে আউট করে উইকেটের খাতা খোলেন। এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচে তাঁর শিকার মাত্র দুই উইকেট। বোলিং গড় চোখ কপালে তোলার মতো—১৩২.০০! মানে বুমরাকে একটি উইকেট পেতে ১৩২ রান খরচ করতে হয়েছে!

এবারের আইপিএলে বুমরাকে একটি উইকেট পেতে ১৩২ রান খরচ করতে হয়েছে

এবারের আইপিএলে কমপক্ষে ৩০ ওভার বল করেছেন, এমন ১০ বোলারের মধ্যে সবচেয়ে কম উইকেট বুমরার। অথচ তালিকার শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভুবনেশ্বর কুমার মাত্র ১৫.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। এমনকি ঈশান মালিঙ্গা, প্রিন্স যাদব বা জফরা আর্চারদের গড়ও ২০ এর নিচে!

এই বুমরাই আইপিএলের সর্বশেষ আসরে ৪ ম্যাচ চোটের কারণে থাকার পরও মাঠে ফিরে ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন। ইকোনমি রেটও ছিল টি-টুয়েন্টি বিবেচনায় দুর্দান্ত—৬.৬৮। এমনকি গত ৮ মার্চ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ভারতকে শিরোপা জেতানোতেও মুখ্য ভূমিকা রেখেছিলেন।

পরিসংখ্যানের বাইরে অন্য একটা বিষয়েও চোখ রাখতে হচ্ছে। এবারের আইপিএলে বুমরাকে ব্যাটসম্যানদের ‘ফিয়ার ফ্যাক্টর’ও ভেঙে গেছে। একটা সময় ট্রাভিস হেড বা সঞ্জু স্যামসনরা বুমরাকে দেখেশুনে খেলতেন।

কিন্তু এবারের আসরে ১৫ বছরের কিশোর বৈভব সূর্যবংশীই বুমরার এক ওভারে দুটি ছক্কা মেরেছেন। সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যানরা তো তাঁর ৪ ওভার থেকে নিয়েছেন ৫৪ রান!

বুমরার এমন দুরবস্থার কারণ কী

বুমরার এই পড়তির ফর্মের পেছনে ক্রিকেট বিশ্লেষকেরা কিছু কারণ চিহ্নিত করেছেন। ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত যেমন ক্লান্তিই মূল কারণ বলে মনে করছেন।

আইপিএলে নামার আগে বুমরা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত মৌসুম কাটিয়েছেন। এশিয়া কাপ, টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে হয়েছে একের পর এক। ইংল্যান্ডে তো ৩ ম্যাচে ১১৯ ওভার বোলিং করতে হয়েছে। কৃষ্ণমাচারি শ্রীকান্ত তা-ই বলেছেন, ‘বুমরার বলে সেই আগের ধার নেই। তাকে খুব সাধারণ মনে হচ্ছে, হয়তো সে ক্লান্ত।’

অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিনের মতে, এটি মানসিক চাপের ফল। টানা ম্যাচ হারা (মুম্বাইয়ের ৮ ম্যাচে ৬ হার) এবং উইকেট না পাওয়ার নেতিবাচক প্রচারণা বুমরার ছন্দে ব্যাঘাত ঘটিয়েছে। আবার ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের ধারণা, দীর্ঘদিনের পিঠের সমস্যার কারণে শরীর হয়তো আর টানতে পারছে না। তবে মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড একে শুধু একটি সাময়িক খারাপ সময় হিসেবে দেখছেন।