ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন সোবহানা মোস্তারি
ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন সোবহানা মোস্তারি

বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় সেরা, র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগোলেন সোবহানা

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা অপরাজিত পারফরম্যান্সের সুফল পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। টানা সাত ম্যাচ জেতা বাংলাদেশের নারী দলের অনেক ক্রিকেটারেরই আইসিসি টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।

বাছাইপর্বে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেন সোবহানা মোস্তারি, অধিনায়ক নিগার সুলতানা ও ওপেনার দিলারা আক্তার। তিনজনই ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। সবচেয়ে বড় লাফ দিয়েছেন সোবহানা।

৭ ম্যাচে ২৬২ রান করে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এতে ১৬ ধাপ উন্নতি করে ৩৬ নম্বরে উঠে এসেছেন সোবহানা। টুর্নামেন্টে ১৫৪ রান করা নিগার সুলতানা তিন ধাপ এগিয়ে নারী টি-টুয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন। দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে জায়গা করে নিয়েছেন।

বোলিং র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের সুখবর রয়েছে। নাহিদা আক্তার বাছাইপর্বে শিকার করেছেন ৮ উইকেট। এই বাঁহাতি স্পিনার আট ধাপ এগিয়ে নারী টি-টুয়েন্টি বোলারদের তালিকায় ২৮ নম্বরে উঠে এসেছেন।

আট ধাপ এগিয়েছেন নাহিদা আক্তার

বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দলের কয়েকজন ক্রিকেটারও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। আয়ারল্যান্ডের আর্লিন কেলি সাত ধাপ এগিয়ে ৩৬ নম্বরে এবং অরলা প্রেন্ডারগাস্ট ১০ ধাপ উন্নতি করে ৪৫ নম্বরে অবস্থান করছেন।

এ ছাড়া টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন স্কটল্যান্ডের তরুণ অলরাউন্ডার ক্যাথরিন ফ্রেজার। মাত্র ২০ বছর বয়সী এই ক্রিকেটার বাছাইপর্বে ১৮৪ রান করার পাশাপাশি নিয়েছেন ৮ উইকেট।

এর ফলে নারী টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনি সাত ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠেছেন এবং অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ উন্নতি করে যৌথভাবে অবস্থান করছেন ২২ নম্বরে।