টি–টুয়েন্টি বিশ্বকাপ: রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের দারুণ জয়

জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড। আফগানিস্তানের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য দলটি তাড়া করেছে ১৩ বল বাকি থাকতে। হাতে ছিল ৫ উইকেটও।

টি–টুয়েন্টি বিশ্বকাপে এর আগে ১৭০ রান তাড়া করে জেতেনি নিউজিল্যান্ড। আজ টি–টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বকাপে নিজেদের রেকর্ড গড়েই জিতল স্যান্টনারের দল।

জয়ের পথে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড: ১৫ ওভারে ১৫১/৪

শেষ ৫ ওভারে নিউজিল্যান্ডের রান লাগবে মাত্র ৩২। ক্রিজে আছেন মিচেল ও চ্যাপম্যান। এখান থেকে সহজেই জেতার কথা নিউজিল্যান্ডের।

সাইফার্টের ফিফটি ও আউট

নিউজিল্যান্ড: ১৩ ওভারে ১২৬/৪

ছক্কা, ছক্কা, চার, আউট...

নবীর করা ওভার থেকে দ্রুত রান তোলার মিশনে ছিলেন সাইফার্ট। ওভারের দ্বিতীয়, তৃতীয় বলে ছক্কার পর চতুর্থ বলে মারেন চার। এরমধ্যে প্রথম ছক্কাটি দিয়ে পৌঁছে যান ফিফটিতে।

তবে এই ওভারেই আউট হয়েছেন সাইফার্ট। ৬৫ রান করে ফিরেছেন তিনি। ৭ ওভারে ৫৭ রান দরকার নিউজিল্যান্ডের।

ম্যাচে ফিরল আফগানিস্তান

নিউজিল্যান্ড ১০ ওভারে ৯২/৩

রান তাড়ায় নিউজিল্যান্ডকে সঠিক পথেই রেখেছিলেন ফিলিপস। তবে ২৫ বলে ৪২ রান করে রশিদের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন তিনি। তাতে সাইফার্টের সঙ্গে ৭৪ রানের জুটি ভেঙেছে তাঁর। নতুন ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান।

নিউজিল্যান্ডের ৫০

নিউজিল্যান্ড: ৬ ওভারে ৫২/২। লক্ষ্য: ১৮৩।

শুরুতে দুই উইকেট হারিয়ে ফেললেও দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের জুটি দলটিকে নিয়ে গেছে পঞ্চাশের ঘরে। ফিলিপস ১৮, সেইফার্ট ৩১ রানে ব্যাট করছেন।

ম্যাজিকাল মুজিব

আফগানিস্তান: ২ ওভারে ১৪/২

অ্যালেনের পর আউট রবীন্দ্রও।

দুজনকেই বোল্ড করেছেন নতুন বল বিশেষজ্ঞ স্পিনার মুজিব উর রেহমান। সুযোগ ছিল হ্যাটট্রিকেরও। গ্লেন ফিলিপস কোনো মতে বেঁচে গেছেন। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মুজিব।

ইতিহাস আফগানদের পক্ষে

নিউজিল্যান্ড টি–টুয়েন্টি বিশ্বকাপে কখনো ১৭০ রানের বেশি তাড়া করে জেতেনি।

নিউজিল্যান্ড কি পারবে?

১৮২/৬
টি–টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই সর্বোচ্চ সংগ্রহ।

আফগানিস্তান: ২০ ওভারে ১৮২/৬

নিউজিল্যান্ডকে বড় লক্ষ্যই দিল আফগানিস্তান। ২০ ওভারে দলটি তুলেছে ৬ উইকেটে ১৮২ রান। ফিফটি পেয়েছেন গুলবদিন। তাঁর ফিফটির সঙ্গে গুরবাজ, আতাল, রাসুলির ছোট ছোট ইনিংসে পৌনে দুই শ ছাড়িয়েছে আফগানিস্তানের রান।

আফগানরা তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে। সঙ্গে আছেন বাঁহাতি পেসার ফজলহক ফারুকী। নিউজিল্যান্ডের জন্য রান তাড়াটা সহজ হবে না।

ইনিংস শেষে গুলবদিন বলেছেন, চেন্নাইয়ের এই উইকেটে রান করাটা খুব সহজ নয়।

আফগানিস্তান: ২০ ওভারে ১৮২/৬ (গুলবদিন ৬৩, আতাল ২৯, গুরবাজ ২৭, রাসুলি ২০; ফার্গুসন ২/৪০, রবীন্দ্র ১/১৪)।

আউট হলেন গুলবদিন

আফগানিস্তান: ১৭.২ ওভারে ১৫৬/৪

১৮তম ওভারের প্রথম বলটাতেই ছক্কা মারলেন গুলবদিন। রাচীন রবীন্দ্রের করা পরের বলটিতেও ছক্কাই মারতে চেয়েছেন। তবে এবার আর টাইমিং হয়নি। ক্যাচ নিয়েছেন সাইফার্ট। ৬৩ রান করে ফিরেছেন গুলবদিন, এটি তাঁর ক্যারিয়ারসেরা। উইকেটে এসেছেন ওমরজাই।

ভাঙল জুটি

গুলবদিনের ফিফটির পরই ফিরলেন আতাল। জ্যাকব ডাফির বলে ২৪ বলে ২৯ রান করে আউট হয়েছেন এই বাঁহাতি। তাতে ভাঙল ৭৯ রানের জুটি। এর আগে ২৯ বলে ফিফটি পেয়েছেন গুলবদিন।

ঝড়ের পূর্বাভাস

আফগানিস্তান: ১৪ ওভারে ১১৫/২

এক ওভারে ২ উইকেট হারানোর পর জুটি গড়েছেন গুলবদিন নঈব ও সেদিকউল্লাহ আতাল। গড়েছেন অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি। শেষ কয়েক ওভার ধরে হাত খুলে খেলছেন দুজন। নঈব ৪৩ ও আতাল ২৯ রানে অপরাজিত।

আফগানিস্তান: ১০ ওভারে ৭২/২

রানটাও বেশি হয়নি, আবার উইকেটও বেশি যায়নি। প্রথম ১০ ওভার শেষে কোন দল এগিয়ে তা বোঝা মুশকিল! তবে শেষদিকে ঝড় তুলতে পারলে বড় সংগ্রহ পেতে পারে আফগানরা। নিউজিল্যান্ড চাইবে দ্রুত উইকেট নিতে।

এক ওভারে দুই উইকেট

এক ওভারে লকি ফার্গুসনের ২ উইকেট

আফগানিস্তান: ৬ ওভারে ৪৪/২

ষষ্ঠ ওভারের প্রথম বলে লকি ফার্গুসনের বলে ফেরেন জাদরান। ওভারের শেষ বলে বোল্ড করেছেন গুরবাজকে। ১০ রান করেছেন জাদরান, ২৭ রান গুরবাজ।

জীবন পেলেন গুরবাজ

আফগগানিস্তান: ৪ ওভারে ২৬/০

ম্যাট হেনরির বলে বড় শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। সেই ক্যাচ নিতে গিয়েছিলেন তিনজন—সাইফার্ট, অ্যালেন ও মিচেল। তবে ক্যাচটি নিতে পারেননি। এর পরের ওভারে এক ছক্কা ও চার মেরেছেন গুরবাজ।

আফগানিস্তানের টস জয়

আফগানিস্তানের টস জয়

চেন্নাইয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। গ্রপ ‘ডি’ তে এটিই প্রথম ম্যাচ।

গতকাল বিশ্বকাপের প্রথম দিনে জয় পেয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। প্রথম দিনে ম্যাচের আগে এই তিন দলই ছিল ফেবারিট। দ্বিতীয় দিনে আজ প্রথম ম্যাচে কাউকে খুব বেশি ফেবারিট বলা যাচ্ছে না।

কারণ আফগানিস্তান দলটা দারুণ ছন্দে আছে। গত টি–টুয়েন্টি বিশ্বকাপে তারা খেলেছে সেমিফাইনাল। আর নিউজিল্যান্ড তো বিশ্বকাপের অন্যতম ধারাবাহিক দল।