নিরোশান ডিকভেলাকে আউট করলেন কে—পেসার প্রসিধ কৃষ্ণা, নাকি ওপেনার যশস্বী জয়সোয়াল?
আরও সহজ করে বলি। ডিকভেলা প্রসিধের বলে উইকেটের পেছনে ঋষভ পন্তের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। কিন্তু এই উইকেটের পর রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্তরা জয়সোয়ালকে অভিনন্দন জানালেন কেন? তিনি তো ক্যাচটাও ধরেননি!
ঘটনা অবশ্য একটু মজার। ডিকভেলাকে আউট করেছেন প্রসিধ কৃষ্ণাই। তাতে কোনো সন্দেহ নেই। জয়সোয়ালের সরাসরি কোনো ভূমিকা নেই। তবে আউটের পর জাদেজারা জয়সোয়ালকে অভিনন্দন জানিয়ে কোনো ভুলও করেননি।
ঘটনার শুরু ডিকভেলা আউটের দুই বল আগে। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ৬০তম ওভার। তখন কৃষ্ণা একের পর এক শর্ট বল করছেন। জয়সোয়াল চাইছিলেন ডিকভেলা যেন হুক করেন।
একপর্যায়ে স্কয়ার লেগ থেকে হেঁটে ডিকভেলার কাছে চলে যান জয়সোয়াল। প্রথম ইনিংসে ডিকভেলার ৮০ রানের ইনিংসেও নাকি শর্ট বলে তেমন শট দেখা যায়নি, এমন অভিযোগ করেন জয়সোয়াল।
জয়সোয়াল বলেন, ‘প্রথম ইনিংসে বেশি শট খেলতে দেখিনি। এবার কিছু একটা দেখতে চাই।’ ডিকভেলার উত্তর ছিল ছোট্ট, ‘ঠিক আছে।’
তাতেও থামেননি জয়সোয়াল। গল মিউনিসিপ্যালিটি স্ট্যান্ডের দিকে দেখিয়ে বললেন, ‘ওই দিকে মারো, আমি কিছু একটা দেখতে চাই।’
ডিকভেলাও কম যান না। ‘না, আমি তো জয়সোয়াল নই,’ বলে বুঝিয়ে দিলেন, হুক তাঁর খুব একটা পছন্দের শট নয়।
এরপরই কথায় যোগ হলো আইপিএল। ডিকভেলা মজা করে বললেন, ‘তুমি যদি আমাকে আইপিএলে নাও, তাহলে মারব।’
জয়সোয়ালের উত্তর, ‘আমি তোমাকে অবশ্যই নেব, ১০০ পারসেন্ট।’
পরের বলেই কৃষ্ণাকে কাট করে দুই রান নেন ডিকভেলা। এরপর আবার শুরু কথার লড়াই।
জয়সোয়াল বললেন, ‘ওই দিকে, গ্যালারিতে মারতে পারলে আমি অবশ্যই সাঙ্গাকে বলব।’ ‘সাঙ্গা’ মানে কুমার সাঙ্গাকারা। রাজস্থান রয়্যালসের কোচ ও ক্রিকেট পরিচালক। এই দলের হয়ে আইপিএলে খেলেন জয়সোয়াল।
মজার ব্যাপার হলো, ডিকভেলা ও সাঙ্গাকারার সম্পর্কও বেশ পুরোনো। একই স্কুল, ক্যান্ডির ট্রিনিটি কলেজের ছাত্র দুজন। আবার সাঙ্গাকারার ক্যারিয়ারের শেষ দিকে একই টেস্ট দলেও খেলেছেন তাঁরা। মানে জয়সোয়ালকে যত দিন সাঙ্গাকারা চেনেন, ডিকভেলাকে তাঁর আগে থেকেই চেনেন।
শেষ পর্যন্ত অবশ্য গ্যালারিতে বল পাঠানো হয়নি ডিকভেলার। কৃষ্ণার পরের বলও ছিল শর্ট। ডিকভেলা কাট করতে গেলেন। বলটা ছিল শরীরের বেশ কাছে। পেছনে সরে গিয়ে ব্যাট চালাতেই এজ হলো। ধরা পড়লেন পন্তের গ্লাভসে। ডিকভেলার ১৭ বলে ১২ রানের ইনিংস এভাবেই শেষ হয়।
আউটের পর ভারতীয় খেলোয়াড়দের উদ্যাপন দেখেই স্পষ্ট, তাঁরাও মনে করছেন, জয়সোয়ালের কথাতেই ভুলটা করেছেন ডিকভেলা!