কোহলিদেনর ম্যাচ দেখতে মাত্র ১৬ হাজার দর্শক ছিল কাল তিরুবনন্তপুরামে
কোহলিদেনর ম্যাচ দেখতে মাত্র ১৬ হাজার দর্শক ছিল কাল তিরুবনন্তপুরামে

কোহলিদের ম্যাচে খালি স্টেডিয়াম, মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জের

বিরাট কোহলি নিজের ৪৬তম শতরানটি করলেন কেরালার তিরুবনন্তপুরামে। কিন্তু এ ম্যাচে গ্যালারির অর্ধেকই ছিল খালি। যুবরাজ সিংয়ের মতো সাবেক ক্রিকেটারও এমন একটি ম্যাচ প্রায় ফাঁকা গ্যালারি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি অবশ্য অর্ধেক খালি স্টেডিয়াম দেখে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নিজের শঙ্কাটা জানিয়েছেন।

তবে আসল কাহিনি অন্য। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমানের একটি মন্তব্যের কারণেই নাকি তিরুবনন্তপুরামের স্টেডিয়ামে দর্শক আসেনি। তাঁর এক মন্তব্যে নাকি তিনি কেরালার মানুষকে ‘অপমান’ করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

কেরালার মানুষকে ‘অপমান’ করেছেন ক্রীড়ামন্ত্রী

এ ম্যাচের টিকিটের সঙ্গে ১২ শতাংশ বিনোদন কর্জ আরোপ করায় টিকিটের দাম ছিল অনেকটাই বাড়তি। টিকিটের দাম নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে ক্রীড়ামন্ত্রী আবদুরাহিমান বলে বসেন, ‘যারা না খেয়ে থাকেন, তাঁদের ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে আসার দরকার নেই।’ তাঁর এই মন্তব্য রীতিমতো ঝড় তোলে কেরালায়। অনেকেই বলছেন আবদুরাহিমান এই মন্তব্য করে কেরালার সাধারণ মানুষকে ‘অপমান’ করেছেন।

৪৫ হাজার দর্শক আসনের বেশিরভাগই ছিল ফাঁকা

কেরালার বিরোধীদলীয় নেতা ভিডি সাথিসান ফেসবুকে লিখেছেন, ক্রীড়ামন্ত্রী যেন এরপর আর কেরালাবাসীর আত্মসম্মানবোধে আঘাত না করেন, ‘ক্রীড়ামন্ত্রী মন্তব্য করেছেন, যারা না খেয়ে থাকে, তাদের মাঠে ক্রিকেট দেখতে যাওয়ার দরকার নেই। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে খালি স্টেডিয়ামে। এখন থেকে কেরালাবাসীর আত্মসম্মানবোধ নিয়ে যেন প্রশ্ন না করা হয়।’

যুবরাজ সিংয়ের টুইটের মন্তব্যে অনেকেই ক্রীড়ামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে মাঠে না যাওয়ার কথা বলেছেন। কারও কারও মন্তব্য ছিল, ‘আমরা আমাদের ক্রীড়ামন্ত্রীর নির্দেশ পালন করেছি মাত্র।’

বিজনেস লাইন জানিয়েছে, স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৪৫ হাজার। এর মধ্যে ১০ হাজার আসনের টিকিট বিতরণ করা হয়েছে বিনা মূল্যে। কাল ভারত-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওয়ানডে দেখতে মাঠে মাত্র ১৬ হাজার দর্শক উপস্থিত ছিলেন। পুরো ব্যাপারটি টিকিটের উচ্চমূল্যের প্রতিবাদে শুরু হওয়া ‘বয়কট ক্রিকেট’ কার্যক্রমের কারণে বলেই মনে করা হচ্ছে।

কেরালার ক্রীড়ামন্ত্রীর সাফ কথা ‘না খেয়ে যারা থাকে’ তাদের ক্রিকেট দেখার

কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। তিনি অবশ্য এ ব্যাপারে নিজের নিরপেক্ষ অবস্থানের কথা জানিয়েছেন, তিনি বলেছেন, ‘এই ম্যাচ বয়কট করায় ক্রিকেটের ক্ষতি হয়েছে সন্দেহ নেই। কিন্তু ক্রীড়ামন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। তিনি উল্টোপাল্টা মন্তব্য করলেও একধরনের প্রচারণা ঠিকই পেয়ে গেছেন। এত কম দর্শক আসায় আখেরে ক্ষতি হয়েছে ক্রিকেটের এবং যারা ক্রিকেট ভালোবাসে তাদের।’

ম্যাচ বয়কটের ব্যাপারে তাঁর মন্তব্য, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ম্যাচ বয়কটের ব্যাপারে প্রচারণা লক্ষ করেছি। মনে হচ্ছে প্রচারণাটা কাজে এসেছে। মানুষ এই ম্যাচ দেখতে আসেনি। আমি মনে করি, ম্যাচ বয়কট করাটা যুক্তিযুক্ত কিছু নয়। এই ম্যাচটা আনন্দ দিয়েছে সবাইকে।’