কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর কেউ কখনো ১২ নম্বর জার্সি পরে মাঠে নামবেন না। দলটির কিংবদন্তি অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সম্মানে এই জার্সি স্থায়ীভাবে তুলে রাখার (অবসর) সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ‘নাইটস আনপ্লাগড ৩.০’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
গত বছরের ৩০ নভেম্বর আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন রাসেল। কলকাতার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে তিনি দলটিকে দুবার (২০১৪ ও ২০২৪) শিরোপা জিতিয়েছেন। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে, দলের ‘পাওয়ার কোচ’ হিসেবে তরুণদের ব্যাটিং ঝালিয়ে নিতে কাজ করবেন এই ক্যারিবিয়ান তারকা।
২০১৪ সালে কলকাতায় যোগ দেওয়ার পর থেকেই রাসেল হয়ে ওঠেন দলটির প্রাণভোমরা। কলকাতার হয়ে ১৩৩ ম্যাচে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ২,৫৯৩ রান করেছেন।
বল হাতেও ছিলেন কার্যকর; সুনীল নারাইনের পর কলকাতার দ্বিতীয় বোলার হিসেবে ১০০-এর বেশি (১২২টি) উইকেট নিয়েছেন রাসেল। ২০১৫ ও ২০১৯ সালে হন আইপিএলের সেরা খেলোয়াড়। তবে সর্বশেষ মৌসুমে সেরাটা দিতে পারেননি রাসেল। ১০ ইনিংসে রান করেছিলেন মাত্র ১৬৭, উইকেট নিয়েছিলেন ৮টি।
দুই দিন পর শুরু হতে যাওয়া মৌসুমের জন্য ঢেলে সাজানো হয়েছে কলকাতার কোচিং প্যানেল। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার অভিষেক নায়ার। তাঁর সহকারী হিসেবে কাজ করবেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শেন ওয়াটসন। এবারও অবশ্য অভিজ্ঞ অজিঙ্কা রাহানে দলটিকে নেতৃত্ব দেবেন। তাঁর সহকারী হিসেবে থাকছেন রিংকু সিং।
গত মৌসুমে পয়েন্ট টেবিলে ৮ নম্বরে থেকে আসর শেষ করা কলকাতা এবার এই নতুন নেতৃত্বের হাত ধরে ঘুরে দাঁড়াতে চায়।