বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্ট হয়েছে দুই দিনে
বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্ট হয়েছে দুই দিনে

দুই দিনে ম্যাচ শেষ, ম্যাকাইয়ের পিচ পাচ্ছে ‘খুব ভালো’ সার্টিফিকেট

টেস্টের দুই দিনে মোট ৬টি সেশন। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্ট শেষ হয়েছে কার্যত পাঁচ সেশনে। মানে পুরো দুই দিনও খেলা হয়নি। তাতেই দুই দলের মোট ৩০ উইকেট পড়েছে। খেলা হয়েছে ১২৫ ওভার। মানে প্রতি ২৫ বলে ১টি উইকেট।

এমন ‘উইকেটবান্ধব’ দৃশ্যের জন্ম দেওয়া ম্যাকাইয়ের পিচ সর্বোচ্চ সম্ভাব্য রেটিং পেতে যাচ্ছে বলে জানা গেছে। সেভেন ক্রিকেটের প্রধান ক্রিকেট প্রতিবেদক টম মরিসের মতে, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচটিকে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ‘ভেরি গুড’ বা খুব ভালো গ্রেড দিতে যাচ্ছেন। অবশ্য এই গ্রেডিং চূড়ান্ত হওয়ার আগে আইসিসিকে তা অনুমোদন করতে হবে।

প্রতিটি টেস্টের পর ম্যাচকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে প্রতিবেদন তৈরি করে থাকেন ম্যাচ রেফারি। পিচের ক্ষেত্রে চার ধরনের গ্রেডিং আছে। ‘ভেরি গুড’ হলো সর্বোচ্চ। এটি সেই সব পিচ পেয়ে থাকে, যেখানে ‘ম্যাচের শুরুতে (বল) ভালো ক্যারি করে, সীমিত সিম মুভমেন্ট এবং ধারাবাহিক বাউন্স প্রদান করে, যা ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ লড়াইয়ের সুযোগ তৈরি করে’।

ম্যাকাই টেস্টের প্রথম দিনে পড়েছিল দুই দলের মোট ১৮ উইকেট

এই ম্যাচে প্রথম দিন টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৫ রানে হারায় ৮ উইকেট। সব মিলিয়ে প্রথম দিনে পড়ে ১৮ উইকেট। দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার বাকি ২ উইকেট এবং বাংলাদেশের দ্বিতীয় ইনিংস (৯৫) শেষ হয়। ম্যাচটিতে ইনিংস ও ৫১ রানে জিতে সিরিজে ১-১ সমতা আনে অস্ট্রেলিয়া। এর আগে ডারউইনে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

ম্যাকাই টেস্টের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ককে জিজ্ঞেস করা হয়েছিল, পিচ ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল কি না। জবাবে নাজমুল হোসেন জানান, পিচ কঠিন ছিল। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স পুরস্কার বিতরণীতে বলেছিলেন, উইকেট খুব ভালো ছিল।

ম্যাকাইয়ের উইকেট কঠিন ছিল বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যখন আমরা সাবকন্টিনেন্টে খেলি, এক দিনে ১৮-১৯ উইকেট পড়লে অনেক কথাবার্তা হয়। প্রথম দিনে ১৮ উইকেট পড়েছিল, এটাও সবার বুঝতে হবে। উইকেটটা চ্যালেঞ্জিং ছিল দেখেই ১৮ উইকেট পড়েছে। শুধু আমাদের উইকেট পড়লে বুঝতাম, কিন্তু ওরাও টাফ টাইমের মধ্য দিয়ে গেছে।’

অস্ট্রেলিয়ায় সর্বশেষ অ্যাশেজের পার্থ টেস্টও দুই দিনে শেষ হয়ে গিয়েছিল। সেবার প্রথম দিনে পড়েছিল ১৯ উইকেট, পরের দিন ১৩। সেই ম্যাচের পিচও সর্বোচ্চ গ্রেডিং পেয়েছিল।