ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া
ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া

দুই দিনে টেস্ট শেষ, বাকি তিন দিন নাজমুলরা ঘুমাবেন

ডারউইনে অবিশ্বাস্য জয়ের পর ম্যাকাইতে বাংলাদেশ টেস্ট হেরে গেছে দুই দিনেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে তেমন প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেননি নাজমুল হোসেনরা। এমন হারের পর স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে বাংলাদেশ দল।

সংবাদ সম্মেলনে সেসব প্রশ্নে অবশ্য যতটা সম্ভব ‘ব্যাটই চালিয়েছেন’ বাংলাদেশ অধিনায়ক। তাঁর কাছে প্রশ্ন ছিল, দুই দিনে টেস্ট হেরে যাওয়ার পর বাকি তিন দিন কী করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা? উত্তরটা নাজমুল হোসেন দিলেন অল্প কথায়, ‘ঘুমাব, শুয়ে থাকব।’

ম্যাকাইয়ে বাংলাদেশ হেরেছে মূলত ব্যাটিং ব্যর্থতায়। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে আটকা। কোনো টেস্টের দুই ইনিংস বাংলাদেশ এক শর কমে অলআউট হলো এই প্রথম, টেস্ট ক্রিকেটেই এমন ঘটনা ঘটল ২১ বছর পর।

দুই ইনিংসেই এক শর কমে অলআউট হয়েছে বাংলাদেশ

নাজমুল বাংলাদেশ দলের বাজের ব্যাটিংয়ের পেছনে দায় দেখছেন উইকেটের, ‘আমার মনে হয় দ্বিতীয় ইনিংসে আমরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারতাম। তবে ওরাও যখন ব্যাটিং করেছে, অনেক স্ট্রাগল করেছে। উইকেটটা অনেক কঠিন ছিল, এটা অবশ্যই মানতে হবে।’

তবে নিজেদের ব্যর্থতাও স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘হ্যাঁ, কিছু বাজে শট ছিল। আমি কারও ওপরে আঙুল তুলতে চাই না। কারণ, দল হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলিনি, ভালো ব্যাটিং করিনি। আমি আমার কথা বলতে পারি, আমি সেট হয়ে যে সময় আউট হয়েছি, এটা গ্রহণযোগ্য না। আমার ইনিংসটা আরেকটু লম্বা করা উচিত ছিল।’

এই শটে আউট হয়েছেন তানজিদ হাসান

দুই ইনিংস মিলিয়ে এই টেস্টে ১০ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ম্যাচের প্রথম ঘণ্টাতেই ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে একরকম ছিটকে দিয়েছিলেন তিনি। তাঁর বিপক্ষে একরকম অসহায়ই হয়ে পড়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

তবে এ রকম কন্ডিশন ও বোলিংয়ের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই মনে করিয়ে দিয়ে নাজমুল বলেছেন, ‘আমি অজুহাত দিচ্ছি না, অনেক দল আছে যারা নিয়মিত খেলে, তারাও এ রকম ধসে পড়ে। আমরা খারাপ খেলেছি, পরিস্থিতি অনেক কঠিন ছিল; কিন্তু খেলোয়াড়েরা সবাই চেষ্টা করেছে। অবশ্যই আমরা আরেকটু ভালো ক্রিকেট খেলতে পারতাম।’