
ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে দারুণ এক রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। টানা ৫ ওভার মেডেন উইকেট নেন, সব মিলিয়ে নেন ৫ উইকেট। অর্থাৎ এই ৫ ওভারে কোনো রান না দিয়ে প্রতি ওভারেই ১টি উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটের তথ্য–উপাত্ত সংরক্ষণ শুরুর পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৫ ওভারে রান না দিয়ে প্রতি ওভারেই উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন গ্রিভস।
৩ উইকেটে ১৯৯ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। মধ্যাহ্নবিরতির একটু আগেও পাকিস্তানের স্কোর ছিল ৬৩ ওভারে ৪ উইকেটে ২৪৪। গ্রিভস ততক্ষণ পর্যন্ত ৬ ওভারে ২৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তারপর কী হলো কে জানে, ৬৪, ৬৬, ৬৮, ৭০ ও ৭২তম ওভারে কোনো রান না দিয়ে প্রতি ওভারেই উইকেট নেন গ্রিভস।
৭১ ওভারে ৮ উইকেটে ২৬৭ রান নিয়ে মধ্যাহ্নভোজে যাওয়া পাকিস্তান দ্বিতীয় সেশনে ফিরে প্রথম ওভারেই গ্রিভসকে উইকেট দেয়। তাতে টেস্টে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেটের দেখাও পান গ্রিভস।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেকে ২৯ রানে পিছিয়ে থেকে নিজেদের প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজও এরপর তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি। পাকিস্তানের চার পেসারের তাণ্ডবে ৭ উইকেটে ১২৬ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে ক্যারিবিয়ানরা। ৯৩ রানেই ৭ উইকেট পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। অষ্টম উইকেটে কেমার রোচ ও শামার জোসেফের অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটিতে দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা। জোসেফ ২২ ও রোচ ৫ রানে অপরাজিত। তৃতীয় দিনে মোট ১৪ উইকেটের পতন হয়।
আপাতত ১৫৫ রানে এগিয়ে আছে স্বাগতিকেরা। পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ১৪ রানে ৩ উইকেট এবং খুররম শাহজাদ ৩৬ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট মোহাম্মদ আলী ও আমের জামালের।
দিনের খেলা শেষে গ্রিভস বলেন, ‘বল কিছুটা সুইং করছিল এবং আমি তার ফলও পেয়েছি। যখনই আমার হাতে বল তুলে দেওয়া হয়, দল চায় আমি যেন তাদের ভরসা হয়ে উঠি এবং কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার চেষ্টা করি। টেস্টে ক্যারিয়ারে এই প্রথমবার ৫ উইকেট পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত, তবে খেলায় এখনো আমাদের কাজ বাকি।’
সংক্ষিপ্ত স্কোর:ওয়েস্ট ইন্ডিজ: ৩১১ ও ১২৬/৭ (চন্দরপল ৩৫, জোসেফ ২২*, গ্রিভস ২০, হোপ ১০; আব্বাস ৩/১৪, খুররম ২/৩৬)পাকিস্তান: ২৮২ (মাসুদ ১০৯, ইমাম ৬৩, বাবর ২৩, সালমান ২০; গ্রিভস ৫/২৭, রোচ ২/৫৩, জোসেফ ২/৫৮)।—তৃতীয় দিন শেষে।
সেঞ্চুরি করা শান মাসুদ (১০৯) গ্রিভসের প্রথম শিকার। এরপর একে একে আমের জামাল, আলী উসমান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আব্বাসকে ফেরান গ্রিভস। মধ্যাহ্নবিরতির আগে ও পরে মিলিয়ে টানা ৫ ওভারে গ্রিভস উইকেট নেওয়ার পর আশ্চর্যের বিষয় হলো, তাঁকে বোলিং থেকে সরিয়ে নেওয়া হয়!
অর্থাৎ ৭২তম ওভারে আব্বাসকে আউট করেন গ্রিভস, যেটা ছিল তাঁর পঞ্চম উইকেট। পরের ওভারটি রোচ করার পর ৭৪তম ওভারে গ্রিভসকে বোলিং থেকে সরিয়ে জেইডেন সিলসকে আক্রমণে আনেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ।