ইমরান তাহির তাঁর ছেলেকে ধন্যবাদ দিতেই পারেন। ছেলের জন্যই তো এই রেকর্ড!
রেকর্ডটা কী? তাহির এখন স্বীকৃত টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়া বোলার।
আজ প্রভিডেন্সে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সেন্ট লুসিয়ার বিপক্ষে ৫ উইকেট নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৪৭ বছর ১৬৬ দিন।
৫ উইকেট নেওয়ার পর তাহির বলেছেন, এই বয়সেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাওয়ার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তাঁর ছেলে। ছেলের সঙ্গে একসঙ্গে খেলবেন—এই স্বপ্ন থেকেই এত পরিশ্রম করে এই বয়সেও খেলে যাওয়া।
তবে সেই স্বপ্ন পূরণ করতে পরিশ্রমটা বোধ হয় তাহিরকেই আরও কিছুদিন করে যেতে হবে। কারণ, তাঁর ছেলের বয়স মাত্র ১২! এর একটা অন্য মানেও আছে। তাহির হয়তো সামনেও বল হাতে রেকর্ড গড়বেন। আপাতত আজকের রেকর্ডেই চোখ দেওয়া যাক।
আজ সেন্ট লুসিয়ার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। স্বীকৃতি টি–টুয়েন্টিতে এটিই তাহিরের ক্যারিয়ারসেরা বোলিং। টি-টুয়েন্টিতে এটি তাহিরের ষষ্ঠ ৫ উইকেট।
এই সংস্করণে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার তালিকায় তিনি এখন দ্বিতীয়। তাঁর ওপরে শুধু নামিবিয়ার ডেভিড ভিসা। ভিসা ৫ উইকেট নিয়েছেন সাতবার। পাঁচবার করে ৫ উইকেট নিয়ে তালিকার তিনে যৌথভাবে আছেন পাঁচজন—শাহিন শাহ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, সাকিব আল হাসান ও রশিদ খান।
আরও একটা তালিকায় তাহির নিজের নামটা ওপরের দিকে নিয়ে যাচ্ছেন। সব ধরনের টি–টুয়েন্টিতে তাহিরের উইকেট এখন ৫৮৯টি। টি–টুয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারের তালিকায় তাহিরের অবস্থান চতুর্থ। তাঁর চেয়ে বেশি উইকেট আছে রশিদ খান (৭৩৬), সুনীল নারাইন (৬৫৭) ও ডোয়াইন ব্রাভোর (৬৩১)।
৫৮৯ উইকেটের মধ্যে সিপিএলেই সর্বোচ্চ উইকেট তাহিরের, ১৪২টি। এই মৌসুমে উইকেট নিয়েছেন ১২টি। ৪৭ বছর বয়সে গায়ানাকে দিচ্ছেন নেতৃত্বও।
অথচ এই তাহির সর্বশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন সাত বছরের বেশি আগে। টেস্ট খেলেছেন ২০টি, ১০৭টি ওয়ানডে, ৩৮টি টি–টুয়েন্টি। ২০১৯ সালের জুলাইয়ে তাঁর খেলা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ওয়ানডে।