২১ বলে ফিফটি করেছেন টিম ডেভিড
২১ বলে ফিফটি করেছেন টিম ডেভিড

ডেথ ওভারেই ৬৮ রান, ডেভিড যেন গোলিয়াথ

ডেথ ওভারে একজন ব্যাটসম্যান সর্বোচ্চ কত রান নিতে পারেন?

আইপিএলের ধুমধাড়াক্কা ব্যাটিংয়েও এত দিন সীমাটা ছিল ৬০ রান পর্যন্ত। ২০২০ আইপিএলে বেঙ্গালুরুর বিপক্ষে এই রান করেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের লোকেশ রাহুল। এবার সেই সীমানাটা আরও বড় করে ফেললেন টিম ডেভিড। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান গতকাল বেঙ্গালুরুর হয়ে চেন্নাইয়ের বিপক্ষে ইনিংসের শেষ চার ওভারের মধ্যেই তুলেছেন ৬৮ রান।

ইনিংসের ১৭ থেকে ২০তম ওভারে সব ব্যাটসম্যানই মেরে খেলার চেষ্টা করেন। তবে প্রতিপক্ষ দলও তাদের সেরা বোলারদের এ সময়েই বেশি কাজে লাগায়। ডেভিড এদিন ব্যাট করতে নেমেছিলেন ১৫তম ওভারে। প্রথম দুই ওভারে পাঁচ বল খেলে করেন মাত্র ২ রান।

তবে ১৭তম ওভারে নুর আহমেদকে টানা তিন ছক্কা মেরে হাত খোলার পর আর থামেননি। ১৯তম ওভারে জেমি ওভারটনের ওভার থেকে তো টানা তিন ছক্কাসহ মোট ৩০ রান নিয়েছেন। ইনিংসের শেষ বলেও যখন চার মেরে মাঠ ছেড়েছেন, নামের পাশে ২৫ বলে ৭০ রান, যার ৬৮-ই ডেথ ওভার থেকে। টি-টুয়েন্টিতে এ সময়ে এর চেয়ে বড় ইনিংস আছে মাত্র তিনটি। ২০১২ সালে কাউন্টিতে গ্লুস্টারশায়ারের বিপক্ষে ডেথ ওভারে ৭৩ রান করেছিলেন সাসেক্সে খেলা কিউই ব্যাটসম্যান স্কট স্টাইরিস।

২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের সিকান্দার রাজা করেছিলেন ৭০ রান। আর ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ডলফিন-টাইটানস ম্যাচে ডেভিড মিলার করেছিলেন ৬৯ রান। এবার আইপিএলে ৬৮ রান করে তাদের পেছনেই ডেভিড।

মোটের ওপর ডেভিডের ৭০* রানের ইনিংসটি অবশ্য কৃতিত্বে আরও বড়। ১৫তম ওভারে ব্যাট করতে নেমে এর চেয়ে বেশি রানের ইনিংস আছে মাত্র একটি। সেটি ২০২২ সালের ভাইটালিটি ব্লাস্টে সাসেক্সের বিপক্ষে এসেক্সের ড্যানিয়েল স্যামসের ২৪ বলে ৭১ রান।

ডেভিডের ৭০ রানের ইনিংসটিতে ছিল ৮টি ছক্কা ২টি চার। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানের আইপিএল ক্যারিয়ারেই অবশ্য চারের চেয়ে ছক্কা বেশি—৫৮টির বিপরীতে ৬৯টি। এবারের আইপিএলে যেমন এখন পর্যন্ত খেলেছেন ৩৫ বল, এর মধ্যেই ছক্কা ৯টি।

৮টি ছক্কা মেরেছেন টিম ডেভিড

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটি ৪৩ রানে জিতেছে ডেভিডের বেঙ্গালুরু। ম্যাচে তাঁর মতো ঝোড়ো ইনিংস খেলেছেন অধিনায়ক রজত পতিদারও। ১৯ বলে ৬ ছক্কায় ৪৮ রান করে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান তো ম্যাচ শেষে আক্ষেপই করলেন, ‘সে (ডেভিড) যেভাবে মারে, তার ধারেকাছেও যদি আমি মারতে পারতাম!’

শুধু অধিনায়ক নন, ডেভিডের ইনিংস নিয়ে মুগ্ধতা ও প্রশংসা ঝরেছে দর্শকদের কণ্ঠেও, যাদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশও করেছেন। দুর্বল হয়েও সবলের বিরুদ্ধে জয়ের সেই ডেভিড বনাম গোলিয়াথ গল্পকে টেনে এনে ক্রিকবাজ লিখেছে, ‘নামে ডেভিড, কাজে গোলিয়াথ’।