বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল

মুশফিক নেই, এবার কি তবে চার পেসার খেলাবে বাংলাদেশ

সেঞ্চুরিয়ন টেস্টে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। কুঁচকির চোট তাঁকে খেলতে দিচ্ছে না আগামীকাল শুরু টেস্টে। সাদা বলের ক্রিকেট যেহেতু আর খেলেন না, দক্ষিণ আফ্রিকা সফরটাই মুশফিকের জন্য শেষ হয়ে গেল তাতে।

মুশফিকের এই ‘শেষ’–এর সুযোগ নিয়ে বাংলাদেশ দল একটা জায়গায় নতুন করে ভাববে কি না, এখন কৌতূহল তা নিয়ে। জোহানেসবার্গ টেস্টের একাদশকে সমালোচনার কড়াইয়ে চড়িয়ে আলোচনা হয়েছিল, বাংলাদেশ কেন একজন পেস বোলার বেশি খেলাল না!

বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও কণ্ঠ দিয়েছেন সেই কোরাসে। এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার বলেন, ‘মাত্র তিনজন পেসার দেখে আমি বাক্‌রুদ্ধ হয়ে গিয়েছিলাম। দেখা যাক, সেঞ্চুরিয়নে কী হয়। সেখানকার কন্ডিশনও অনেকটা একই রকম হবে।’ এ ধরনের কন্ডিশনে তিন পেসার নিয়ে খেলা উচিত নয়, এটি রক্ষণাত্মক সিদ্ধান্ত—এমন মন্তব্যও করেন ডোনাল্ড।

সেঞ্চুরিয়নে বাংলাদেশ ডোনাল্ডকে আর হতাশ করবে না, এমন ভাবার পক্ষে কয়েকটি যুক্তি আছে। প্রথমত, দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি পেস–সহায়ক উইকেট এ মাঠেই। এই মাঠে টেস্ট ম্যাচগুলোর ৮৮ শতাংশের বেশি উইকেট পেসারদের। টেস্টের দুই দিন আগেও সেঞ্চুরিয়নের উইকেটে জোহানেসবার্গের চেয়ে বেশি ঘাস দেখা গেছে। কাজেই সেঞ্চুরিয়নে টেস্ট জিততে চাইলে চার পেসার খেলানোর দিকেই হাঁটা উচিত বাংলাদেশের।

চোটে সিরিজ শেষ হয়ে গেছে হাসান মাহমুদের

সে রকমই হলে এই টেস্টে বাংলাদেশের পেস বোলিং আক্রমণটা কেমন হতে পারে, তা নিশ্চয়ই আর বলে দেওয়ার প্রয়োজন নেই। টেনিস এলবোর চোটে হাসান মাহমুদ ছিটকে পড়ার পর তো দলের সঙ্গে পেস বোলার আছেনই চারজন! তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

তবে কি এই চার পেসারকেই একসঙ্গে দেখা যাবে সেঞ্চুরিয়ন টেস্টে? ধরুন দলও সেভাবেই চিন্তা করল, কাজটা কিন্তু সহজ নয়। হাসানের জায়গায় শরীফুল একাদশে ঢুকছেন নিশ্চিত। কিন্তু বাকি তিনজনকেই টিম ম্যানেজমেন্ট সেঞ্চুরিয়নে নামিয়ে দেবে, সেটি বলা যাচ্ছে না দুটি কারণে।

প্রথমত, পায়ের বাড়তি হাড়ের সমস্যায় ভোগা তাসকিনকে বিশ্রাম দিয়ে খেলানোর সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া। ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজে তাঁকে সতেজ পেতে সেঞ্চুরিয়ন টেস্টে তাসকিনের বিশ্রামে থাকাটাই হবে স্বাভাবিক। আর আগের টেস্টে ইবাদত যা বোলিং করেছেন, চার পেসার খেলানোর বিষয় না থাকলে সেঞ্চুরিয়নে তাঁকে খেলানো ঠিক হবে কি না, সেটা নিয়েই একটা ভিন্ন আলোচনা হতে পারে।

তিন পেসার নিয়ে খেললে শরীফুল আর খালেদের সঙ্গে তাসকিন খেলবেন নাকি ইবাদত? সেই সম্ভাবনাও আছেই, কারণ বাংলাদেশ দলের গতকালের অনুশীলনের চিত্র যেন ধারণা দিতে চাচ্ছে—দলের সমন্বয়টা এখানেও জোহানেসবার্গের মতোই হতে যাচ্ছে।

সিরিজের প্রথম টেস্টে ইবাদত ভালো করতে পারেননি

মুশফিক নেই বলেই প্রথম টেস্টে একাদশের বাইরে থাকা জাকের আলীর দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করাটা সবার চোখে পড়েছে। অনুশীলনে অনেক বোলিং করেছেন মুমিনুল হক, যেটি তিনি প্রথম টেস্টের আগেও করেছিলেন এবং প্রথম টেস্টে বোলিংও করেছেন। পেস–স্বর্গ সেঞ্চুরিয়নে তাঁর বাঁহাতি স্পিনে বাংলাদেশ আরেকটু নির্ভরতা খুঁজতে চাইবে কি না, সেটি একটি প্রশ্ন; আর সেই প্রশ্ন উসকে দিচ্ছে একটি অন্য সম্ভাবনা।

ধরুন, বাংলাদেশ সেঞ্চুরিয়নে খেলল কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই! হ্যাঁ, মেহেদী হাসান মিরাজকেও বাইরে রেখে। পেস–বান্ধব উইকেটে স্পিনের বৈচিত্র্য আনার কাজটা মুমিনুলকে দিয়েই হলো, মূল বোলিং আক্রমণে থাকলেন চার পেসার! কঠিন সিদ্ধান্ত, কিন্তু হতেও তো পারে; বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর যখন জোহানেসবার্গেও ব্যাটসম্যান মিরাজের কাছ থেকে তেমন কিছু পাওয়া যায়নি।

এই সবই সম্ভাবনামাত্র, যেগুলোর দুয়ার খুলে দিয়েছে মুশফিকের কুঁচকির চোট। তবে টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কী করবে, তা জানা যাবে আগামীকাল খেলা শুরু হলেই।