ইংল্যান্ডের বেন স্টোকস ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং
ইংল্যান্ডের বেন স্টোকস ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং

ক্রিকেটেও কি এবার দেখা যাবে ইউরো

ফুটবলে ইউরোর কথা তো জানেন। বেশ জমজমাট এক টুর্নামেন্ট। চোখ থাকে পুরো পৃথিবীর। ক্রিকেটেও যদি এমন কিছু হয়? এটা অবশ্য এখন আর কেবল ভাবনার জায়গায় নেই। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এ নিয়ে এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছে।

ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনেইসি বলছেন, আগামী বছরই ‘ইউরো নেশনস কাপ’ নামের একটি টুর্নামেন্ট মাঠে গড়াতে পারে। এশিয়া কাপের মতো সেখানে অংশ নেবে ইউরোপ মহাদেশের ক্রিকেট খেলুড়ে দেশগুলো।

ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ইতালিকে নিয়ে টি–টুয়েন্টি সংস্করণে হতে পারে ক্রিকেটের ইউরো টুর্নামেন্ট। ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটেও এই টুর্নামেন্টের আয়োজন করা হতে পারে।

গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের এমন একটি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেন ম্যাকনেইসি। ক্রিকইনফো অবশ্য জানিয়েছে, এ–সংক্রান্ত সাম্প্রতিক আলোচনায় ইসিবি অংশ নেয়নি।

তবে ম্যাকনেইসি এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘আমি বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি। আমি এই টুর্নামেন্ট নিয়ে খুবই আগ্রহী। আলোচনাটা এখন এমন একটা পর্যায়ে গেছে, আমি আত্মবিশ্বাসী যে এটা হবে।’

সম্প্রচারকদেরও এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহ থাকবে বলে আশা তাঁর, ‘এটা নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে…পুরুষ ও নারী—উভয় বিভাগেরই ইভেন্ট হবে এটা। আমরা আশা করছি এই টুর্নামেন্ট নিয়ে সম্প্রচারকদের আগ্রহ থাকবে।’

গতকাল এমিরেটস ক্রিকেট বোর্ড ও নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘমেয়াদি একটি চুক্তির ঘোষণা দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। এই চুক্তি অনুযায়ী তাদের জাতীয় দল এখন নিয়মিত সংযুক্ত আরব আমিরাত ও নেপালের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে। এ ছাড়া ২০২৬-২৭ মৌসুম থেকে আইএলটি২০তে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত একজন আয়ারল্যান্ডের খেলোয়াড় দলে নিতে হবে।