টানা দুই ম্যাচে সেরার স্বীকৃতি মিরাজের
টানা দুই ম্যাচে সেরার স্বীকৃতি মিরাজের

দুই দিন, দুই ম্যাচ, একই মিরাজ

এটি মেহেদী হাসান মিরাজের সিরিজ। বাকি সবাই এখানে খেলছেন।

এমন বললে বাকি সব খেলোয়াড়কেই হয়তো একটু খাটো করে দেখা হচ্ছে, এমন ভাবার সুযোগ থাকে। ব্যাটিংয়ে নয়ে নামা নাসুম আহমেদের ১১ বলে ১৮ রানের অপরাজিত ইনিংসটিও যেমন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আজ বেশ গুরুত্বপূর্ণ। তবে দুই ম্যাচে মিরাজের পারফরম্যান্স এতটাই প্রভাববিস্তারী, চাইলে হয়তো দ্বিতীয় ম্যাচের পরই ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটা তুলে দেওয়া যেত তাঁর হাতে।

চার দিনের ব্যবধানে মিরাজ দুটি আলাদা ম্যাচে নামলেন দুটি আলাদা সময়ে। প্রথম দিন মোটামুটি সহজ রান তাড়ায় নাটকীয় ধসে হোঁচট খাওয়ার পর হারের দ্বারপ্রান্তে চলে যাওয়া। পরদিন আগে ব্যাট করে ৬৯ রানেই ৬ উইকেট হারানোর পর খেই হারিয়ে ফেলা। দুই পরিস্থিতিতে একটা ব্যাপার ‘কমন’ ছিল—চাপ। সেই চাপ সামলে নিয়ে প্রথম ম্যাচে ৩৯ বলে ৩৮ রানের ইনিংস, পরেরটিতে ৮৩ বলে ১০০। সংখ্যা সাপেক্ষে পার্থক্য অনেক। তবে ম্যাচের ফলে দুটির প্রভাব যেন একই।

ভারতের বিপক্ষে পরপর দুই ম্যাচে এমন পারফরম্যান্স—মিরাজের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত না হয়ে পারে না। ৩৯ বলে ৩৮ রান আর ৮৩ বলে ১০০—দুটিই তাই মিরাজের কাছে এক সুতোয় গাঁথা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও সেটিই বললেন তিনি, ‘দুইটাই কঠিন। পরিস্থিতি দুই রকম ছিল। দুইটাই আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত হয়েই থাকবে। শেষ উইকেটে ৫১ রান করা। যে সে কথা না। আজও ৬ উইকেট পড়ে গেছে। কতই–বা করবেন এরপর থেকে। দুইটাই তাই অনেক বড় মনে হয়।’

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন মিরাজ

এ সিরিজটা বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তার ওপর আছে বিশ্বকাপ ফুটবলের ডামাডোল। তবে প্রতিপক্ষ যখন ভারত, তখন বাড়তি আগ্রহ থাকাটা অস্বাভাবিক নয়। টিকিটের অস্বাভাবিক চাপ, স্টেডিয়ামভর্তি দর্শক বলে সেটিই। তার ওপর চোটের সমস্যা বাদ দিলে ভারত পূর্ণশক্তির দলই। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজে প্রতিপক্ষ হিসেবে ভারত মানেই ‘হট কেক’। তাদের বিপক্ষে একটা সিরিজ থেকে স্বাগতিক বোর্ডের যে আয় হয়, সেটির অঙ্কটাও বেশ বড়সড়ই।

সেই ভারতের সঙ্গেই টানা দ্বিতীয়বার ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ, যদিও দুটি সিরিজ এসেছে সাত বছরের ব্যবধানে। তবে ২০১৫ সালের ওই সিরিজ যদি হয়ে থাকে বাংলাদেশের আগমনী বার্তা, এবারেরটি যেন একটা ঘোষণা। ওয়ানডে সংস্করণে, বিশেষ করে দেশের মাটিতে বাংলাদেশকে হারানো এখন যেকোনো দলের জন্যই বড় প্রাপ্তি।

ভারতের সঙ্গে জয়ে অবশ্য আলাদা তৃপ্তিই পাচ্ছেন মিরাজ, ‘অনেক বড় একটা পাওয়া আমার জন্য। ভারত অনেক ভালো দল, এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। এ রকম দলের সঙ্গে পারফর্ম করা তো অবশ্যই অনেক ভালো লাগার। সবচেয়ে বড় কথা ভারতের সাথে দ্বিতীয়বার সিরিজ জিতেছি। ভালো করতেই হবে, এমন কোনো পরিকল্পনা ছিল না। পরিস্থিতি অনুযায়ী খেলেছি। ভাগ্যকেও পাশে পেয়েছি।’

বয়সভিত্তিক দলে অলরাউন্ডার হিসেবে ভাবা হলেও জাতীয় দলে মিরাজ অনেকটা সময়জুড়েই ছিলেন বোলার হিসেবে, যিনি টুকটাক ব্যাটিং পারেন। অবশ্য এরই মধ্যে টেস্টে সেঞ্চুরিও করেছেন, তবে ধারাবাহিক ছিলেন না সেভাবে। নিজের মধ্যেও তাই সে ভাবনাটাই কাজ করত তাঁর—তিনি বোলার, ব্যাটিং পারেন না।
২০১৮ এশিয়া কাপে প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। ভারতের বিপক্ষে ফাইনালে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল মিরাজকে। তার আগে ক্যারিয়ারে সবচেয়ে ওপরে মিরাজ খেলেছিলেন ৫ নম্বরে, সেটিও নাইটওয়াচম্যান হিসেবে। সম্প্রতি টি-টোয়েন্টিতে আবার আচমকাই ওপেনিং পরিকল্পনায় চলে আসেন মিরাজ। সেটি শেষ পর্যন্ত সফল হয়েছে, বলা যাবে না। মিরাজ অবশ্য বলেছেন, এর মাধ্যমে তাঁর প্রতি যে দলের আস্থা বাড়ছে, সে বার্তা তিনি পেয়েছেন।

তবে বোলিং অলরাউন্ডার হিসেবে তাঁকে খেলতে হচ্ছে ৮ নম্বরেই। মিরাজ নিজেও নিশ্চয়ই জানেন, এখনকার কম্বিনেশনে দলে জায়গা ধরে রাখতে তাঁর অলরাউন্ডার সত্তার বিকাশটা জরুরি খুবই। হয়তো অনেকেই তাঁর মধ্যে সে সম্ভাবনাটা দেখেছিলেন, কিন্তু সেটির প্রতিফলন ধারাবাহিকভাবে ছিল না সেভাবে।

ভারতের বিপক্ষে এ দুই ম্যাচে ব্যাটিংয়ে এমন পারফরম্যান্সের সঙ্গে অবদান রেখেছেন বোলিংয়েও। প্রথম ম্যাচে প্রথম ব্রেকথ্রু দিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচেও পেয়েছেন ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক শ্রেয়াস আইয়ারের উইকেট। তবে দিন শেষে ব্যাটিংয়ের পারফরম্যান্সটাই বেশি তৃষিত হওয়ার কথা তাঁর কাছে।

দুটি ম্যাচ ডেটা সেট হিসেবে খুব বড় কিছু নয়। তবে এ দুই ম্যাচের পারফরম্যান্সের প্রভাব হতে পারে ব্যাপক। মিরাজের ব্যাটিংয়ের পর হার্শা ভোগলে যেমন টুইটে বলেছিলেন, ‘এ দুটি ম্যাচ বদলে দিতে পারে মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ার।’
মাঝেমধ্যে আপনার হয়তো দরকার পড়ে এমন একটি পারফরম্যান্সই। চার দিনের মধ্যে, দুটি ভিন্ন পরিস্থিতিতে মিরাজ পেলেন দুটি। ভারত কোচ রাহুল দ্রাবিড়ও বলে গেলেন, ‘বিশেষ করে মেহেদী দুর্দান্ত খেলেছে। ভিন্ন ধরনের ইনিংস, তবে দুটি সত্যিই অনেক ভালো।’

কারণ, এটি মিরাজের সিরিজ। বাকি সবাই এখানে শুধু খেলছেন।