আইএল টি–টুয়েন্টিতে উইকেটের পর মোস্তাফিজের উদ্‌যাপন, সঙ্গে মোহম্মদ নবী
আইএল টি–টুয়েন্টিতে উইকেটের পর মোস্তাফিজের উদ্‌যাপন, সঙ্গে মোহম্মদ নবী

মোস্তাফিজ দুবাইয়েই, সাকিব–তাসকিনকে রাখেনি তাঁদের দল

বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানকে ধরে রাখল আইএল টি-টুয়েন্টির দল দুবাই ক্যাপিটালস। তবে নিলামের আগে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে এমআই এমিরেটস ও শারজা ওয়ারিয়র্স।

আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএল টি-টুয়েন্টির পঞ্চম আসর। টুর্নামেন্টের নিলাম হবে ১ অক্টোবর। এর আগে দলগুলো আজ তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। মোস্তাফিজ ছাড়া দুবাই ধরে রেখেছে রোভম্যান পাওয়েল, মার্কাস স্টয়নিস ও নূর আহমেদকে।

গত বছর দুবাইয়ের হয়ে ৮ ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। ৮ ম্যাচে বাঁহাতি এই পেসার নিয়েছিলেন ১৫ উইকেট। দলকে তুলেছিলেন প্লে-অফে।

মোস্তাফিজের তুলনায় সাকিব-তাসকিন তেমন ভালো করতে পারেননি। এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচ খেলে ৫ ইনিংসে মাত্র ১২২.৩৪ স্ট্রাইক রেটে সাকিব করেছিলেন ১১৫ রান। আর বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট।

তাসকিন সাকিবের চেয়ে ভালো করেছিলেন। শারজার হয়ে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তাসকিন। শারজা এবার ধরে রেখে শুধু সিকান্দার রাজাকে। নতুন চুক্তিতে তারা দলে নিয়েছে অ্যাডাম মিলনে, জেমস ভিন্স ও ওয়াকার সালামখিলকে।