ফখর জামান ও বাবর আজম যখন একসঙ্গে ব্যাটিংয়ে
ফখর জামান ও বাবর আজম যখন একসঙ্গে ব্যাটিংয়ে

বাবরের বাদ পড়ার অপেক্ষায় ফখর

বাবর, বাবর, বাবর..!

পাকিস্তানের প্রতিটি ম্যাচের আগে এই একটি নাম নিয়ে নানা আলোচনা হবেই। আজ সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেও বাবরকে নিয়েই আলোচনা। দলের প্রত্যাশা মেটাতে না পারা বাবর আজও কি দলে থাকবেন?

আলোচনাটা বেশি এ জন্য যে বাবরের কারণে দলে জায়গা পাচ্ছেন না একসময় পাকিস্তানের মূল ব্যাটসম্যান ফখর জামান। বাঁহাতি এই ব্যাটসম্যান এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে মাঠে নামারই সুযোগ পাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে কি ফখরের সুযোগ মিলবে?

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রান (৪৫৭১) বাবরের। এর মধ্যে বাবর ওপেনার হিসেবেই করেছেন ২৯৭৩ রান। কিন্তু এবার বিশ্বকাপে তিনি খেলছেন ৪ নম্বরে। ৪ নম্বরে ৩ ম্যাচে ব্যাট করে বিশ্বকাপে রান করেছেন ৬৬, যার ৪৬–ই এসেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

১৫০.৪৫
চার নম্বরে ফখর জামানের স্ট্রাইক রেট

সর্বশেষ ম্যাচে ৩ উইকেট যাওয়ার পরও দ্রুত রান তোলার স্বার্থে বাবরকে ব্যাটিংয়ে নামানো হয়নি। তাঁর আগে খাজা নাফে ও শাদাব খানকে ক্রিজে পাঠানো হয়। বাঁচামরার ম্যাচে নামিবিয়ার বিপক্ষে বাবরকে না নামানোতে এটা স্পষ্ট, দ্রুত রান তোলার কাজে দল তাঁর ওপর ভরসা করছে না।

পরিসংখ্যানও বাবরের পক্ষে কথা বলছে না। সব মিলিয়ে টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৪ নম্বরে ৭ ইনিংস ব্যাট করে রান করেছেন ১৮৫, গড় ৩০.৮৩। স্ট্রাইকরেট মাত্র ১১৮.৫৮।
একই জায়গায় ফখরের রেকর্ড কেমন? ফখর টি–টুয়েন্টি ক্যারিয়ারে ২১ ইনিংসে ৪ নম্বরে ব্যাটিং করেছেন। রান করেছেন ৫০১। গড়টা বাবরের চেয়ে খারাপ—২৫.০৫। তবে স্ট্রাইকরেটে বাবরের তুলনায় বেশ ভালো—১৫০.৪৫।

ব্যাটে রান নেই বাবরের

এটা ঠিক যে ৪ নম্বরে দুজনের কারও রেকর্ডই অসাধারণ নয়। তবে দুজনের মধ্যে রেকর্ড বিবেচনায় কাউকে বেছে নিতে হলে ফখরই এগিয়ে থাকবেন। আর টি–টুয়েন্টিতে ফখরের ব্যাটিংটা পাকিস্তানের বেশি কাজে আসতে পারে। কারণ, প্রথম বল থেকেই তিনি বড় শট খেলতে পারেন। সেখানে বাবরের উইকেটে থিতু হতে খানিকটা সময় লেগে যায়।

নিউজিল্যান্ডের বিপক্ষে আবার বাবরের রেকর্ড বেশ ভালো। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ ইনিংসে আট ফিফটি ও এক সেঞ্চুরিতে ৮৮০ রান করেছেন বাবর। তবে এই দলের বিপক্ষে কখনোই তিনি চারে খেলেননি। এখন দেখা যাক, পাকিস্তান বাবরেই আস্থা রাখে নাকি ফখরকে সুযোগ দেয়!