শেষ দুই ম্যাচে ভারতের প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ
শেষ দুই ম্যাচে ভারতের প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ভারতের জন্য কতটা ‘কঠিন’ প্রতিপক্ষ

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু করেছে ভারত। আহমেদাবাদের সেই হারে শঙ্কায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শঙ্কাটা সূর্যকুমার যাদবের দলের সেমিফাইনালের আগেই বাদ পড়ার।

ভারতের হাতে আছে দুটি ম্যাচ। ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ও ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই দুটি ম্যাচ জিতলেও নিশ্চিত নয় ভারতের শেষ চার খেলা। আবার মাত্র একটি ম্যাচ জিতেও উঠে যেতে পারে সেমিফাইনালে। দ্বিতীয় ক্ষেত্রে অবশ্য অন্য ম্যাচগুলোর ফল ভারতের পক্ষে আসতে হবে।

ভারতের জন্য সবচেয়ে সহজ হিসাব হচ্ছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারানো। সেই দুই ম্যাচের আগে চলুন জেনে নিই জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ ভারতের প্রতিপক্ষ হিসেবে কেমন।

জিম্বাবুয়ে

তারিখ: ২৬ ফেব্রুয়ারি, ভেন্যু চেন্নাইফল: ভারত ১০-৩ ব্যবধানে এগিয়েসর্বশেষ র‍্যাঙ্কিং: ভারত ১, জিম্বাবুয়ে ১১

২০২৪ সালের ৬ জুলাই। দ্বিতীয়বার টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সাত দিন পরেই আবার এই সংস্করণে খেলতে নেমেই হেরে যায় ভারত। প্রতিপক্ষের নাম জিম্বাবুয়ে। ভারত অবশ্য বিশ্বকাপজয়ী তারকাদের বিশ্রাম দিয়ে দ্বিতীয় সারির এক দল পাঠিয়েছিল জিম্বাবুয়েতে। সেই দ্বিতীয় সারির দলটিই পরের চার ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সিরিজটা জিতে নেয় ৪-১ ব্যবধানে। ওই সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক অভিষেক শর্মার। সেদিন শূন্য রানে আউট হলেও পরের দিন দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে ১০০ রান করেন সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে টি-টুয়েন্টির এক নম্বর এই ব্যাটসম্যান।

টি–টুয়েন্টি বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও ভারত, ২০২২ সালে

ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম দুটি জয়ও হারারেতে—২০১৫ ও ২০১৬ সালে। ওই দুবারও দ্বিতীয় সারির দলই পাঠিয়েছিল ভারত।

টি-টুয়েন্টি বিশ্বকাপে দুদল একবারই মুখোমুখি হয়েছে। ২০২২ সালে মেলবোর্নে ভারত জিতেছিল ৭১ রানে। ঘরের মাঠে এবারই প্রথম এই সংস্করণে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে ভারত।

ওয়েস্ট ইন্ডিজ

তারিখ: ১ মার্চ, ভেন্যু কলকাতাফল: ভারত ১৯-১০ ব্যবধানে এগিয়ে।সর্বশেষ র‍্যাঙ্কিং: ভারত ১, ওয়েস্ট ইন্ডিজ ৭

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লডারহিলে সর্বশেষ দেখায় জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই জয়ে পাঁচ ম্যাচের সিরিজটা ৩-২ ব্যবধানে জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিয়ান। ভারতের বিপক্ষে টি-টুয়েন্টিতে নবম সিরিজে যা ছিল ক্যারিবীয়দের তৃতীয় জয়।

টি-টুয়েন্টি বিশ্বকাপেও মুখোমুখি লড়াইয়ের হিসাবে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচের তিনটিতেই জিতেছে দলটি। ২০১৬ সালে বিশ্বকাপে সর্বশেষ দেখায় ৭ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি হয়েছিল মুম্বাইয়ে।

২০২২ সালে ইডেনে তিন ম্যাচ খেলে তিনবারই ওয়েস্ট ইন্ডিজকে হারায় ভারত

ঘরের মাঠে অবশ্য ১০ ম্যাচ খেলে ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে আর মাত্র একবারই হেরেছে, জিতেছে আটটিতেই। এবারের বিশ্বকাপের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেনে চারবার খেলে চারবারই জিতেছে ভারত। সর্বশেষ ২০২২ সালে সিরিজের তিনটি ম্যাচই হয়েছিল ইডেনে।

ওয়েস্ট ইন্ডিজের ফর্মও দুশ্চিন্তার কারণ হতে পারে ভারতের। বিশ্বকাপের পাঁচটিসহ সর্বশেষ ছয়টি ম্যাচেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। গত মাসে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ানদের এই জয়ের ধারা।