আলিস আল ইসলাম
আলিস আল ইসলাম

‘রহস্য স্পিন দেখতে’ এবার ওয়ানডে দলেও আলিস

এশিয়ান গেমসে টি–টুয়েন্টি সংস্করণে অভিষেক হয়েছিল বাংলাদেশ জাতীয় দলে। আলিস আল ইসলাম এবার সুযোগ পেলেন ওয়ানডে সংস্করণেও। আজ আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। লিটন দাসের অধিনায়কত্বে ১৬ সদস্যের দলে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে।

এশিয়ান গেমসে অভিষেকের আগেও টি–টুয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন আলিস। কিন্তু চোটে পড়ায় ম্যাচ খেলার আগেই ছিটকে যান। এবারই প্রথম সুযোগ পেলেন ওয়ানডে দলে।

এবার এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে ব্রোঞ্জের লড়াইয়ের তাঁর টি–টুয়েন্টি অভিষেক। সে ম্যাচে ৪ ওভারে ১৮ রানে ১ উইকেট পান। ৫০ ওভারের সংস্করণেও ভালো করছিলেন আলিস। গত মাসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে এই সংস্করণের ম্যাচে ১০ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নেন। ৫০ ওভারের টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে সর্বশেষ আসরেও সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আলিস। ১০ ম্যাচে ২৪ উইকেট নেন।

ঢাকা প্রিমিয়ার লিগে সর্বশেষ আসরে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আলিস

আলিসকে দলে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক হাবিবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘আমরা ওয়ানডেতেও একটু রহস্য স্পিন দেখতে চেয়েছি। দক্ষিণ আফ্রিকায় আলিস এই সংস্করণে ভালো করেছে। তার ফিল্ডিং নিয়ে কিছু চিন্তার জায়গা ছিল, এসব জায়গায়ও উন্নতি করেছে। সবকিছু মিলিয়ে আমরা তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ত্রিদেশীয় সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক পথচলা শুরু হচ্ছে লিটন দাসের। গত জুলাইয়ে মেহেদী হাসান মিরাজকে বদলে তাঁকে এই সংস্করণের দায়িত্ব দেওয়া হয়।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোটের কারণে কোনো ম্যাচ না খেলেই লিটন ফিরে আসেন। দুই পেসার মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদও ঢুকেছেন ত্রিদেশীয় সিরিজের দলে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলা মোস্তাফিজ চোটের কারণে পরের দুই ম্যাচে ছিলেন না। তাঁর জায়গায় খেলা সাইফউদ্দিন নেই এই সিরিজে।

ত্রিদেশীয় সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হবে লিটনের
বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

হাসান মাহমুদ সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছর অক্টোবরে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোটে পড়া নাহিদ রানা এখনো সুস্থ না হয়ে ওঠায় তাঁর জায়গায় নেওয়া হয়েছে হাসানকে। জিম্বাবুয়ের বিপক্ষে দলে থাকলেও কোনো ম্যাচ না খেলা পারভেজ হোসেনেরও জায়গা হয়নি ত্রিদেশীয় সিরিজে।

এই সিরিজে ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে আবুধাবিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ অক্টোবর শারজাতে তাদের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হবে ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।