সিরিজের দ্বিতীয় টি–টুয়েন্টিতেও রান তাড়ায় হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল
সিরিজের দ্বিতীয় টি–টুয়েন্টিতেও রান তাড়ায় হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

বৃথা গেল শারমিনের লড়াই, শ্রীলঙ্কার কাছে সিরিজ হার বাংলাদেশের

৬ ওভার শেষে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ৪৬। ২০ ওভারের খেলায় ১৫৪ রান তাড়ায় বেশ ভালো শুরু।

কিন্তু পাওয়ার–প্লে শেষ হওয়ার পর রানের এই ধারা আর ধরে রাখা গেল না। তিনে নামা শারমিন ইসলাম একপ্রান্তে টিকে থাকলেও অন্য প্রান্তে আসা-যাওয়ার মিছিল। বাংলাদেশের ইনিংসও শেষ হলো তা-ই লক্ষ্য থেকে বেশ খানিকটা দূরে।

সিলেটে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে রান তাড়ায় নামা বাংলাদেশ নারী দল ৫ উইকেটে ১৩৩ রানে আটকে শ্রীলঙ্কার কাছে ম্যাচ হেরেছে ২১ রানে। এই হারে সিরিজ হারও নিশ্চিত হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা জিতেছিল ২৫ রানে।

রান তাড়ায় নামা বাংলাদেশ সপ্তম ওভারে দিলারা আক্তারকে হারালেও আরেক প্রান্তে আক্রমণাত্মকই ছিলেন জুয়াইরিয়া ফেরদৌস। অষ্টম ওভারে মালকি মাদারার ওভারে ছক্কা ও চারসহ তোলেন মোট ১৩ রান।

৮ ওভারে ১ উইকেটে ৬১ রান তুলে ফেলার পর নবম ওভার থেকে রানের গতি ধীর হতে শুরু করে। দশম ওভারে জুয়াইরিয়া ২৩ বলে ২৯ রান করে ফেরার পর উইকেটের মিছিলও শুরু হয়।

এক প্রান্ত আগলে রাখতে গিয়ে শারমিনও হয়ে পড়েন রক্ষণাত্মক। এভাবে ওভারের পর ওভার আস্কিং রেটও বাড়তে থাকে, শেষ পর্যন্ত যা আর কমানো যায়নি। শারমিন ৪৭ বল খেলে ৪ চারে ৪৪ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ জুয়াইরিয়ার ২৯, দিলারার ২৩ তৃতীয় সর্বোচ্চ।

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা হার্শিতা সামারাবিক্রমার ২৯ বলে ৪৯ আর চামারি আতাপাত্তুর ৩৭ বলে ৪২ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান করে।

বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি।

সিরিজের তৃতীয় ও শেষ টি–টুয়েন্টি ২ মে একই ভেন্যুতে।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৫৪/৪ (সামারাবিক্রমা ৪৯, আতাপাত্তু ৪২; সুলতানা ১.২১, ফারিহা ১/২৩। বাংলাদেশ: ২০ ওভারে ১৩৩/৫ (শারমিন ৪৪*, জুয়াইরিয়া ২৯, দিলারা ২৩; কাবিশা ২/১৫)। ফল: শ্রীলঙ্কা নারী দল ২১ রানে জয়ী। সিরিজ: শ্রীলঙ্কা নারী দল তিন ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে।