
পাকিস্তান ক্রিকেটের দিনকাল সত্যিই ভালো যাচ্ছে না। তা ছেলেদের ক্রিকেটই হোক, আর মেয়েদের! ছেলেদের ক্রিকেটের টালমাটাল অবস্থা তো সবারই জানা।
আজ নারী এশিয়া কাপের ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তানের মেয়েরাও। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এর চেয়ে কম রানে কখনো অলআউট হয়নি তারা।
এত কম রান নিয়ে বোলারদের আর তেমন কিছু করার ছিল না। তবু তারা ভারতের ৩ উইকেট তুলে নিয়েছিলেন, কিন্তু তাতে হারের ব্যবধানটাই কেবল কমেছে। ৮.৪ ওভারেই পাকিস্তানের রান তাড়া করে ফেলে ৭ উইকেটে ম্যাচ জিতেছে ভারত।
টস জিতে ব্যাট করতে নেমে ভারতের দুই পেসারকে ভালোভাবেই সামলায় পাকিস্তান। প্রথম ৪ ওভারে কোনো উইকেট হারায়নি তারা, রানও ছিল ২৩। কিন্তু স্পিনাররা বোলিংয়ে আসতেই রীতিমতো ধস নামে পাকিস্তানের ব্যাটিংয়ে। শুরুটা করেন শেফালি বর্মা। ১৫ বলে ১৩ রান করা মুনিবা আলী বোল্ড হন তাঁর বলে।
সেই যে শুরু, ইনিংসের ১১ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় পাকিস্তান। ৫৫ রানে অলআউট হওয়াটি আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে তাদের ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে ২০২৪ সালে এই দুবাইয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৬ রানে অলআউট হয়েছিল তারা, এতদিন সেটিই ছিল সর্বনিম্ন। ভারতের হয়ে শ্রী চরণী ও প্রেমা রাওয়াত পান ৩টি করে উইকেট।
এত কম রান নিয়ে লড়াই করার কাজটা কঠিনই ছিল। তার ওপর সাদিয়া ইকবালের প্রথম বলেই ছক্কা মেরে ইনিংস শুরু করেছিলেন শেফালি বর্মা। তবে ইনিংসটা খুব একটা লম্বা করতে পারেননি। পরের ওভারে শেফালি ও প্রতিকা রাওয়ালকে আউট করেন ফাতিমা সানা। নিজের দ্বিতীয় ওভারে এসে স্মৃতি মান্ধানাকেও ড্রেসিংরুমে ফেরান তিনি।
তবু হারমানপ্রীত কৌর ও দীপ্তি শর্মা মিলে ভারতকে সহজেই জয় এনে দেন। ভারতের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তিন ম্যাচের সব কটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হয়েছে তাদের। দুই ম্যাচের একটিতে জেতা পাকিস্তানের ১১ সেপ্টেম্বর শেষ ম্যাচে জিততে হবে হংকংয়ের বিপক্ষে।