ব্রায়ান বেনেটের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ার পথে ১২ বছর পর টি–টুয়েন্টি বিশ্বকাপে ফেরা ব্রেন্ডন টেলর (ডানে)
ব্রায়ান বেনেটের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ার পথে ১২ বছর পর টি–টুয়েন্টি বিশ্বকাপে ফেরা ব্রেন্ডন টেলর (ডানে)

টি-টুয়েন্টি বিশ্বকাপ

টেলরের প্রত্যাবর্তন ম্যাচে ওমানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে

চার বছর পর টি-টুয়েন্টি বিশ্বকাপে ফিরেছে জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেলর টি-টুয়েন্টি বিশ্বকাপে ফিরেছেন ১২ বছর পর। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) গ্রাউন্ডে প্রত্যাবর্তনের এই ম্যাচে বড় ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ে।

‘বি’ গ্রুপের ম্যাচে ওমানকে ১০৩ রানে অলআউট করে স্কোরটা ৮ উইকেট ও ৩৯ বল হাতে রেখে পেরিয়েছে জিম্বাবুয়ে।  ২০০৭ সালে প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা টেলর ভালো অবদানই রেখেছেন দলের জয়ে। দৌড়াতে সমস্যা হওয়ায় উঠে যাওয়ার আগে ৩০ বলে ৩১ রান করেছেন ৪০ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান।  টেলর যখন উঠে যান জয় থেকে মাত্র ৬ রান দূরে জিম্বাবুয়ে। ৪ বল পরই চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান টেলরের জায়গায় ব্যাটিংয়ে নামা সিকান্দার রাজা। অন্য প্রান্তে ৩৬ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন ওপেনার ব্রায়ান বেনেট।

তাদিওয়ানাশে মারুমানিকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৩ ওভারে ৩০ রান যোগ করেন বেনেট। ওমানি মিডিয়াম পেসার সুফিয়ান মেহমুদ ৩ বলের মধ্যে মারুমানি (১১ বলে ২১) ও ডিওন মায়ার্সকে ফিরিয়ে একটু আশা জাগিয়েছিলেন। এরপর বেনেট-টেলরের ৬৮ রানের জুটিতে মিলিয়ে যায় সেই আশা।

৩ উইকেট নিয়ে ম্যাচসেরা ব্লেসিং মুজারাবানি

এর আগে জিম্বাবুয়ের দুই দীর্ঘদেহী পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি ধ্বংস করেন ওমানকে। নতুন বলে দুজনই বাউন্স আদায় করেন উইকেট থেকে। সেই বাউন্সের জবাব ছিল না ওমানি ব্যাটসম্যানদের কাছে। ফল? ৪ ওভারেই ১৭ রান তুলতে ৪ উইকেট নেই ওমানের। সপ্তম ওভারের শেষ বলে ওয়াসিম আলীকে বোল্ড করে ওমানের স্কোরকে ২৭/৫ বানান সিকান্দার রাজা।

সেখান থেকে যে ওমানিরা ১০০ পেরোল তাতে বড় অবদান সুফিয়ান মেহমুদ ও বিনায়ক শুক্লার ষষ্ঠ উইকেটে ৪২ রানের জুটির। এনগারাভা আবার আক্রমণে ফিরে ভাঙেন এই জুটি। ২১ বলে ২৮ রান করা শুক্লা উইকেটকিপারকে ক্যাচ দিয়ে ফেরেন। ৫ বল পরই জিতেন রমনান্দিকেও তুলে নেন এনগারাভা। ৩৯ বলে ২৫ রান করে মেহমুদ ফেরেন ১৭তম ওভারে। এরপর নাদিম খানের ২০ রানে ভর করে ১০০ পেরোয় জিম্বাবুয়ে। এনগারাভা, মুজারাবানি ও ব্র্যাড ইভান্স—তিনজনই নিয়েছেন ৩টি করে উইকেট।

জয়ের পর জিম্বাবুয়ের দুই অপরাজিত ব্যাটসম্যান ব্রায়ন বেনেট ও সিকান্দার রাজা

জিম্বাবুয়ের পরের ম্যাচ ১৩ ফেব্রুয়ারি, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ওমান।

সংক্ষিপ্ত স্কোর

ওমান: ১৯.৫ ওভারে ১০৩ (শুক্লা ২৮, সুফিয়ান ২৫, নাদিম ২০; মুজারাবানি ৩/১৬, এনগারাভা ৩/১৭, ইভান্স ৩/১৮)। জিম্বাবুয়ে: ১৩.৩ ওভারে ১০৬/২ (বেনেট ৪৮*, টেলর ৩১* আহত অবসর, মারুমানি ২১; সুফিয়ান ২/১২)। ফল: জিম্বাবুয়ে ৮ উইকেট জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ব্লেসিং মুজারাবানি।