মাঠ শুকানোর কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে কাভার সরছে। দুটি সুপার সপার ঘুরছে মাঠে।
বৃষ্টি প্রায় থেমে গেছে। রোদও উঠেছে। যদিও এখনও কাভার সরেনি। তবে চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ মাঠে ঢুকেছেন। কিউরেটর বদিউল আলমের সঙ্গে কথা বলছেন তিনি।
বাউন্ডারি লাইনের বাইরে মাঠ শুকানোর প্রস্তুতি শুরু করেছেন মাঠকর্মীরাও।
শেরেবাংলা স্টেডিয়াম থেকে প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুল হাসান জানিয়েছেন, মুষলধারে বৃষ্টি হচ্ছে মিরপুরে। কাভারে ঢাকা আছে পিচ। যদি বাংলাদেশ আর ব্যাটিং করার সুযোগ না পায়, তাহলে নিউজিল্যান্ডের ইনিংস শুরুর জন্য ৫টা ৪৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে।
টি-টুয়েন্টি ম্যাচে ফল হওয়ার জন্য দুই দলের অন্তত ৫ ওভার করে ব্যাটিং করতে হয়। বাংলাদেশ ৬.৪ ওভার খেলে ফেলেছে। লিটনরা আর ব্যাটিংয়ে না নামতে পারলেও ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু করা যাবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের লক্ষ্য ঠিক হবে ডিএলএস মেথডে।
বাংলাদেশ: ৬.৪ ওভারে ৫০/৩
মিরপুরে নেমেছে বৃষ্টি। খেলোয়াড়েরা মাঠ ছেড়েছেন। উইকেটও ঢাকা হয়েছে কাভারে। বাংলাদেশ ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে।
লিটন ১৩ বলে ২৫, হৃদয় ৫ বলে ২ রানে ব্যাট করছিলেন।
বাংলাদেশ: ৫ ওভারে ৩৫/৩
নাথান স্মিথের ফুল লেংথ ডেলিভারিটি ভেতরে সুইং করে ঢুকেছিল। তানজিদ হাসান আড়াআড়ি ব্যাটে বড় শট খেলার চেষ্টা করে বোল্ড হয়েছেন।
পারভেজ ফিরেছেন দুর্দান্ত এক ডেলিভারিতে। শরীরের দিকে ধেয়ে আসা এক বাউন্সারে কিছুটা ভড়কে গিয়েছিলেন পারভেজ। সেটিকে আপার কাট করে থার্ড ম্যানের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন। টাইমিং ঠিকঠাক হয়নি। শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা ইশ সোধি সহজ ক্যাচ নিয়েছেন।
১০ বলে ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন তানজিদ। পরের বলেই আউট হয়েছেন আরেক বাঁহাতি পারভেজ হোসেনও।
বাংলাদেশ: ৪ ওভারে ৩৩/১
নিজের করা প্রথম বলেই উইকেট পেলেন জেইডেন লেনক্স। অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে সাইফ ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন। কিন্তু টাইমিং গড়বড় হওয়ায় ধরা পড়েন টিম রবিনসনের হাতে।
উইকেটে এসেছেন লিটন দাস।
বাংলাদেশ: ২ ওভারে ১৭/০
প্রথম দুই ওভারের ১০টি বলই খেলেছেন সাইফ। রান করেছেন ১৬। আরেক ওপেনার তানজিদ হাসান ২ বল খেলে করেছেন ১ রান।
দুই দলের ক্রিকেটাররাই মাঠে ওয়ার্ম আপ করেছেন। গ্যালারিতে হাজির হয়েছেন কিছু দর্শকও। নির্ধারিত সময়ে হয়েছে টসও। কিন্তু খারাপ খবর হলো সকাল থেকে রৌদ্রজ্জ্বল মিরপুর এখন পুরোপুরি মেঘে ঢাকা।
বলে রাখা ভালো, চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি–টুয়েন্টি বৃষ্টিতে ভেসে গিয়েছিল!
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন,মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।
প্রথম টি–টুয়েন্টিতে খেলা তানজিম হাসান পিঠের চোটে আজকের ম্যাচে নেই। তাঁর জায়গায় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই বোলিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছেন গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সিরিজের তৃতীয় ও শেষ টি–টুয়েন্টিতে টসে জিতেছে নিউজিল্যান্ড। বেছে নিয়েছে আগে বোলিং।
যার অর্থ, সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করবে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পরে ব্যাট করে ম্যাচ জিতেছিল। দ্বিতীয় টি–টুয়েন্টিতে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ আবার সিরিজজয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।