নাহিদ রানা ও হাসান মাহমুদ
নাহিদ রানা ও হাসান মাহমুদ

নাহিদ রানা থেকে হাসান মাহমুদ—কেন পেসাররা চোটে পড়ছেন

চোট পেসারদের জন্য একরকম সব সময়ের সঙ্গী। এখনকার ক্রিকেটে তো ওই ঝুঁকি আরও বেশি। বিশেষ করে তিন সংস্করণেই খেলেন, এমন পেসারদের চোটে পড়ার শঙ্কাও অনেক বেড়ে যায়। এর মধ্যেই ক্রিকেটারদের আগলে রাখার ছক কষে দলগুলো।

পেসারদের ক্ষেত্রে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ কথাটাও এখন ঘুরেফিরে আসে প্রায়ই। বাংলাদেশ তা কতটা করতে পারছে? উত্তরটা এককথায় দেওয়া কঠিন। এ কথা সত্যি, খাদ্যভ্যাস কিংবা ফিটনেসে এখন অনেক বেশি নজরদারি থাকে বোর্ডের।

এমনকি অনুশীলনেও কে কয়টা বল করলেন, থাকে সেই হিসাব। বোলিংয়ের তীব্রতা, স্পেলের দৈর্ঘ্য, রানআপ ও চাপ বিবেচনায় নিয়ে পেসারদের ওয়ার্কলোডকে ‘লাল’, ‘হলুদ’ ও ‘সবুজ’ এই তিন ভাগে ভাগ করা হয়। সেটি তাঁদের খেলানোর সময় বিবেচনায় থাকে।

তবু গত কয়েক মাসে বাংলাদেশ পেসারদের ওয়ার্কলোড ঠিকঠাক ম্যানেজ করতে পেরেছে কি না, সেই প্রশ্ন এখন উঠছে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কারণেই আসলে নতুন করে এ নিয়ে কথা হচ্ছে। কখন কাকে খেলানো দরকার, কোন সিরিজটাকে গুরুত্ব দেওয়া হবে, কোনটা কম গুরুত্ব পাবে, এসব সিদ্ধান্ত তারা ঠিকঠাক নিতে পারছেন কি না, তা নিয়ে নানা রকম আলোচনা আছে।

গত ছয় মাসে সবচেয়ে বেশি আলোচনাটা নাহিদ রানাকে ঘিরেই। আগের কয়েকটি সিরিজে দুর্দান্ত বোলিং করার পর জুলাইয়ে তিনি সাইড স্ট্রেনে পড়েন আপাতদৃষ্টিতে তেমন গুরুত্ব না থাকা জিম্বাবুয়ের বিপক্ষে টি–টুয়েন্টি খেলতে গিয়ে। ওই সিরিজে তাঁকে কেন খেলাতে হলো?

এ নিয়ে টিম ম্যানেজমেন্টের ব্যাখ্যা ছিল, ওয়ার্কলোড মাথায় করেই তাঁকে খেলানো হয়েছিল। তবে বাস্তবতা হলো, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি–টুয়েন্টি সিরিজ জিততে মরিয়া ছিল বাংলাদেশ। চোটের কারণে শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান না থাকায় নাহিদ রানাকে খেলানোর লোভ সামলে রাখা যায়নি।

ওই চোট থেকে সেরে উঠলেও পরে আবার নিতম্বে ব্যথা অনুভব করেন নাহিদ রানা। দুই চোটে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে খেলা হয়নি তাঁর। অস্ট্রেলিয়ায় চিকিৎসা ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে দেশে ফিরেছেন নাহিদ রানা। পুরো তীব্রতা নিয়েই বোলিংও শুরু করেছেন অস্ট্রেলিয়ায় থাকতেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজেই ফেরার সম্ভাবনা আছে তাঁর।

নাহিদের পর এখন হাসান মাহমুদের চোটও নতুন করে পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিসিবির সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলে দিয়েছে। এ বছর টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে পুরো বিশ্বেই তাঁর চেয়ে বেশি বল করেছেন মাত্র দুজন—পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ও ইংল্যান্ডের জশ টং। ৯ ইনিংসে হাসানের ২০২.৪ ওভারের ৪৭টিই আবার আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে টেস্টে। যদিও সেটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না।

কনুইয়ের চোটে ছিটকে গেলেন হাসান

এ মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে ১৪ ওভার বোলিং করেছেন হাসান, সিলেটে ৩৫ ওভার। সিলেট টেস্টের প্রথম ইনিংসে তিন স্পিনার নিয়ে খেললেও তাঁর চেয়ে বেশি ওভার বল করেছেন শুধু মেহেদী হাসান মিরাজ। এ দুটি টেস্টেই বাংলাদেশ খেলেছে মাত্র দুজন পেসার নিয়ে। হাসানের ওপর চাপ তাই আরও বেড়েছে।

নতুন বলে সুইং আর লাইন–লেন্থ ঠিক রেখে টানা বোলিং করে যাওয়াটাই হাসান মাহমুদের শক্তির জায়গা। কিছু বোলারের কনুইয়ের গঠন এমন থাকে যে তাঁদের হাত স্বাভাবিকভাবেই পেছনের দিকে একটু বেশি বাঁকে। বোলিংয়ের সময় এমন বোলারদের কনুইয়ে চাপও বেশি পড়ে।

হাসানের ক্ষেত্রে তা তো বিবেচনায় নেওয়া হয়নি, উল্টো নরম হয়ে যাওয়া পুরোনো বলেও তাঁকে বল করতে হয়েছে, একের পর এক বাউন্সারও করে যেতে হয়েছে দলের প্রয়োজনে। ওয়েস্ট ইন্ডিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টেও একই কাজ করে যেতে হওয়াটাই হয়তো টেনিস এলবোর পুরোনো সমস্যা ফিরে আসার কারণ। যে চোটের কারণে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে না খেলেই দেশে ফিরে আসছেন হাসান।

ম্যাকাইয়ে ৭ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম

হাসানকে টানা খেলিয়ে যাওয়ার সিদ্ধান্ত আরও বেশি কাঠগড়ায় উঠছে বাংলাদেশে এখন পেসার সংকট নেই বলে। ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে ৭ উইকেট নেওয়া শরীফুল ইসলাম পরের তিন টেস্টের দুটিতেই বেঞ্চে বসে ছিলেন। কাউন্টিতে ৩ ম্যাচে ১৬ উইকেট নেওয়া খালেদ আহমেদ আবার গত জুনের পর আর টেস্টই খেলেননি।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের চেষ্টা যে একেবারেই নেই, তা নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে জিততে মরিয়া হয়ে টিম ম্যানেজমেন্ট ওসব অঙ্ক প্রায়ই ভুলে যাচ্ছে। শরীর কতটা চাপ নিতে পারছে, ম্যাচের ধকল কাটিয়ে উঠতে পর্যাপ্ত সময় পাচ্ছে কি না, সামনে কী সূচি অপেক্ষা করছে—এসব আরও ভালোভাবে বিবেচনায় না নিলে ভবিষ্যতে পেসারদের নিয়ে বাংলাদেশের বিপদ আরও বাড়বে।