আবারও একই সময়ে মাঠে গড়াচ্ছে আইপিএল ও পিএসএল। টানা তৃতীয় বছরের মতো দুই লিগের সূচি সাংঘর্ষিক হচ্ছে। পিএসএলের ১২তম আসর হবে ২০২৭ সালের ১৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত।
পিএসএলের শুরুতে অবশ্য সূচি নিয়ে সমস্যা ছিল না। ২০১৬ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটি ২০২৪ সাল পর্যন্ত ফেব্রুয়ারি-মার্চে হয়েছে। তবে আন্তর্জাতিক সূচির কারণে ২০২৫ সাল থেকে টুর্নামেন্টটি এপ্রিল-মে মাসে সরিয়ে নিতে হয়।
২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের কারণে এই পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এবার অবশ্য সময় বদলের আলোচনা হয়েছিল। গত মাসে পিএসএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে জানুয়ারি-ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এই প্রস্তাবের পেছনে ছিল সম্প্রচার স্বত্বের বিষয়টিও। ২০২৯ সাল পর্যন্ত পিএসএলের সম্প্রচার স্বত্ব ওয়ালি টেকনোলজিসের কাছে। নতুন দুই দলের একটি রাওয়ালপিন্ডিজের মালিকও তারা। বর্তমান সময়সূচি নিয়ে অসন্তোষ জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
ওয়ালি টেকনোলজিসের যুক্তি ছিল, পবিত্র রমজান মাসে বেশির ভাগ বিজ্ঞাপনদাতা তাদের বিপণন ও টেলিভিশন বিজ্ঞাপনের বাজেট খরচ করে ফেলেন। ফলে পিএসএলের বর্তমান সময়ে সম্প্রচারকারীরা বিজ্ঞাপন থেকে তেমন আয় করতে পারেন না।
গত দুই আসর রমজানের পর অনুষ্ঠিত হয়েছে। আগামী বছরের পিএসএলও রমজানের পরেই হবে। আগামী বছর রমজান শুরু হবে ফেব্রুয়ারির শুরুতে, চলবে মার্চের শুরুর দিক পর্যন্ত।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পিএসএল আয়োজনের প্রস্তাব শেষ পর্যন্ত টেকেনি। কারণ, পিএসএলের চারটি ভেন্যুর মধ্যে তিনটি—লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে এই সময়ে তীব্র শীতের পাশাপাশি কুয়াশা থাকে। ফলে ম্যাচ আয়োজন ও সূচি ঠিক রাখা কঠিন হতে পারে। এ ছাড়া জানুয়ারি-ফেব্রুয়ারির সূচি হলে টুর্নামেন্টের শেষ দিকটা রমজান মাসে পড়ত। যদিও ২০২৪ সালের পিএসএলেও এমন পরিস্থিতি হয়েছিল।
গত মাসে পিএসএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে নতুন সূচি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি পিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো। পরে পিসিবি ই-মেইলের মাধ্যমে আটটি ফ্র্যাঞ্চাইজির কাছে তাদের পছন্দের সময় জানতে চায়। সংখ্যাগরিষ্ঠ ফ্র্যাঞ্চাইজি মার্চ-মে সময়ের পক্ষে মত দেয়। শেষ পর্যন্ত সেই সময়েই ২০২৭ সালের পিএসএল আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৭ সালের পিএসএলের ভেন্যুগুলোর বিষয়ে কিছু বলা হয়নি। ২০২০ সাল থেকে পাকিস্তানেই পুরো টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এর আগে পিএসএলের ম্যাচ পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানে ফেরার পর থেকে বেশির ভাগ ম্যাচ হয়েছে করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে।
গত আসরে পিএসএলে নতুন দুটি ভেন্যু হিসেবে যুক্ত হয়েছিল ফয়সালাবাদ ও পেশোয়ার। তবে পশ্চিম এশিয়ার সংকটের পর সরকারের জ্বালানি সংরক্ষণমূলক পদক্ষেপের কারণে পিএসএল সীমিত রাখতে হয়েছিল লাহোর ও করাচিতে। ফাইনাল ছাড়া সেই আসরের সব ম্যাচই দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হয়েছিল।