হাসান মাহমুদ ও খালেদ আহমেদ
হাসান মাহমুদ ও খালেদ আহমেদ

হাসানের জোড়া উইকেটের পর কেন্টে খালেদের প্রথম

কেন্ট ক্রিকেটের ফেসবুক পেজে ঢুকলেই চোখ আটকে যায় ছবিটায়। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি ক্লাবটির কভার পেজের ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। ছবিটা কেন্টের মাঠে তোলা, দুজনের গায়েই কেন্টের জার্সি।

এই ছবি শুধু কেন্ট দলে নতুন দুই পেসারের যোগ দেওয়ার বার্তাই দিচ্ছে না, বাংলাদেশের পেস বোলিংয়ের চেহারাও যে বদলে গেছে, তুলে ধরছে সেটিও। কাউন্টিতে বাংলাদেশের পেস বোলিংয়ের বিজ্ঞাপনটা প্রথম তুলে ধরেন হাসান।

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে কাউন্টিতে নাম লিখিয়ে এরই মধ্যে কেন্টকে বল হাতে নেতৃত্বও দিতে শুরু করেছেন তিনি। একই দলে সঙ্গী হিসেবে আজ প্রথম একাদশে সুযোগ পেয়েছেন খালেদ। কেন্টের হয়ে তাঁর কাউন্টি অভিষেক হয়েছে আজ। ডার্বিশায়ারের বিপক্ষে কেন্ট দলে বিদেশি খেলোয়াড় এই দুজনই—বাংলাদেশের হাসান ও খালেদ।

কেন্টের হয়ে কাউন্টিতে হাসানের অভিষেক গত জুনে। অভিষেক ম্যাচেই ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে নিয়েছেন ৯ উইকেট। দলকে ১৪০ রানের জয় এনে দিয়ে হন ম্যাচসেরাও। নিজের দ্বিতীয় ম্যাচে হাসান নেন ৩ উইকেট।

কাউন্টির অভিজ্ঞতা কাজে লাগিয়ে গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টেও দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসের ৬টিসহ দুই ইনিংসে নেন ৯ উইকেট, হন ম্যান অব দ্য ম্যাচও।

অস্ট্রেলিয়া সফর থেকে ইংলিশ কাউন্টিতে ফিরেও হাসান সেই ঔজ্জ্বল্য ধরে রেখেছেন। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে কেন্টকে জিতিয়েছেন উস্টারশায়ারের বিপক্ষে।

ডার্বিশায়ারের বিপক্ষে আজকের ম্যাচের আগে কাউন্টিতে তাঁর উইকেট ছিল ১৯টি। সেই তালিকায় আজ এরই মধ্যে যোগ করেছেন আরও দুই উইকেট। ম্যাচের প্রথম ওভারেই হাসান ফিরিয়েছেন ডার্বিশায়ারের দুই ব্যাটসম্যান হ্যারি কেইম ও ম্যাথু মন্টোগোমারিকে। কেইম ক্যাচ দিয়েছেন স্লিপে আর মন্টোগোমারি হাসানের ভেতরে ঢোকা বলে হয়েছেন এলবিডব্লিউ।

অভিষেকে উইকেট পেয়েছেন হাসানের জাতীয় দল সতীর্থ খালেদও। ডার্বিশায়ারের ওপেনার মোহাম্মদ নাঈমকে এলবিডব্লু করে নিজের করা চতুর্থ ওভারেই খালেদ পেয়েছেন তাঁর প্রথম উইকেটের দেখা।