ইয়াসির আলী
ইয়াসির আলী

দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল ঘোষণা, তিন বছর পর ফিরলেন ইয়াসির

গত মাসের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান, জিম্বাবুয়ে দুই দলের কাছেই হেরেছিল বাংলাদেশ। বিশ্বকাপের বছরখানেক আগে দলের এমন পারফরম্যান্স একটা সতর্কবার্তাই। সেই বার্তা পেয়েই হয়ত দক্ষিণ আফ্রিকায় পরের সিরিজেই দলে বড় রদবদল করেছেন নির্বাচকেরা।

চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ১ ডিসেম্বর থেকে শুরু তিন ওয়ানডের সিরিজের দলে ছয়টি পরিবর্তন এনেছে বিসিবির নির্বাচক কমিটি। ত্রিদেশীয় সিরিজের দলে থাকাদের মধ্য এই সিরিজে নেই দুই বোলার ও চার ব্যাটসম্যান। দুই বোলারের মধ্যে হাসান মাহমুদ টেনিস এলবোর ব্যথার কারণে বিশ্রামে আছেন আর আলিস আল ইসলাম নেই বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায়।

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ ও আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। বড় বদলটা স্বাভাবিকভাবেই এসেছে ব্যাটিংয়ে। ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারের সঙ্গে বাদ পড়েছেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন এবং নুরুল হাসানও।

সর্বশেষ ৫ ইনিংসের তিনটিতে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন সাইফ। বাদ পড়া আরেক ওপেনার সৌম্য সরকারও ৯ ইনিংসের কেবল একটিতেই ফিফটি পেয়েছেন। গত জুনে ৪ বছর পর ওয়ানডে দলে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচে দুটি ফিফটি করেছিলেন মোসাদ্দেক। কিন্তু সর্বশেষ তিন ইনিংসে তিনি করেছেন মাত্র ৩, ৭ ও ১১ রান। বাদ পড়েছেন ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ বলে ৫ রান করা নুরুলও।

দলে ফেরাদের মধ্যে মোহাম্মদ নাঈম সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে। পরে ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ৪৭১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের কোনোটিতে না খেললেও টেস্ট দলে ছিলেন তিনি।

প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে ৯ ম্যাচে মাত্র এক ফিফটি পাওয়া ইয়াসিরকেও ওয়ানডে দলে ফেরানো হয়েছে সাড়ে তিন বছর ৩ বছর পর। ২০২৩ সালের মার্চের পর তিনি আর এই সংস্করণে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।

ওয়ানডে দলে ফেরা অন্য দুই ক্রিকেটার জাকের আলী ও খালেদ আহমেদ আছেন টেস্ট দলেও। ২০২৫ সালের অক্টোবরে ওয়ানডে দল থেকে বাদ পড়েন জাকের, আর খালেদ দুটি ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। মাঝে ৫০ ওভারের ক্রিকেটে তেমন কোনো উল্লেখযোগ্য পারফরম্যান্স ছাড়াই এ দুজনও ওয়ানডে দলে সুযোগ পেয়ে গেছেন।

১ ডিসেম্বর ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডের পর ৪ ডিসেম্বর গেবেখা ও ৭ ডিসেম্বর কেপ টাউনে হবে পরের দুটি ওয়ানডে।

দক্ষিণ আফ্রিকা সিরিজের বাংলাদেশ দল:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয় (সহঅধিনায়ক), ইয়াসির আলী, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।