সরফরাজ আহমেদ
সরফরাজ আহমেদ

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর

সরফরাজকে কোচ বানিয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান, ফখরকে নিয়ে সংশয়

পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে  দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ ও সামা টিভি।

জিও নিউজ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বাংলাদেশের মাটিতে আগামী মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান দল। জিও নিউজের ধারণা, এই সিরিজ দিয়ে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করতে পারেন সরফরাজ। সামা টিভি জানিয়েছে, লাল বলে দলের শক্তি বাড়াতে সরফরাজকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত কয়েক মাস ধরে পাকিস্তানের টেস্ট প্রধান কোচের পদটি শূন্য পড়ে আছে। আজহার মেহমুদ গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করলেও পরবর্তীতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাঁর মেয়াদ শেষ হয়।

অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়ার আগে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মেহমুদ ২০২৪ সালের এপ্রিলে সব সংস্করণে সহকারী কোচ হিসেবে নিয়োগ পান। তখন তিনি সাদা বল ও লাল বল—দুই সংস্করণের দল নিয়েই কাজ করেন। টেস্ট দলের দায়িত্বে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেন মেহমুদ।

পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন সরফরাজ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী মে মাসে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান দল। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, দ্বিতীয় টেস্ট ১৬ মে। তার আগে মার্চে ঢাকায় খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ ৫৪ টেস্টে ৩৭.৪১ গড়ে ৩,০৩১ রান করেছেন। ২১টি ফিফটি এবং চারটি সেঞ্চুরি আছে তাঁর। ১১৭ ওয়ানডেতে ৩৩.৫৫ গড়ে করেছেন ২,৩১৫ রান। ১১টি ফিফটি ও দুটি সেঞ্চুরি আছে তার এ সংস্করণে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৬১ ম্যাচে ১২৫.২৬ স্ট্রাইক রেটে ৮১৮ রান করেছেন ৩৮ বছর বয়সী সরফরাজ। তাঁর অধিনায়কত্বে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে পাকিস্তান।

ওয়ানডে সিরিজে ফখর জামানকে নিয়ে সংশয়

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামান। জিও নিউজ জানিয়েছে, মার্চে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফখরকে নাও পেতে পারে পাকিস্তান। দলীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তান অবজারভার জানিয়েছে, চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে পড়েছেন ফখর।

পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামান

বিসিবির ঘোষণা করা সূচি অনুযায়ী, আগামী সপ্তাহে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ।

বাঁহাতি এ ব্যাটসম্যান চোটের কারণে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। ৩৪ বছর বয়সী ফখর টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেন। সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে করেন ২৫, শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ বলে করেন ৮৪ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ফখর।