
টেস্ট ক্রিকেটে পাকিস্তানের ফর্মটা ভালো যাচ্ছে না। সাম্প্রতিককালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরের মাঠে সিরিজ হেরেছে বাবর আজমের দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুটি ড্রই বলতে গেলে ‘সাফল্য’। এমন অবস্থায় টেস্ট দলে বাবরের অধিনায়কত্ব পড়েছে প্রশ্নের মুখে। পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের মতে, বাবর আজমের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত।
এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বাবরকেও। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের সময় এক সংবাদ সম্মেলনে সে প্রশ্ন শুনে বাবর নিজের বিরক্তিও প্রকাশ করেছিলেন। ওয়ানডে সিরিজের সময় টেস্ট দল নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি বাবর। এসব আলোচনার মধ্যেই বাবর আজমের সম্ভাব্য বিকল্পের নাম বলে দিলেন পাকিস্তান দলে তাঁর সতীর্থ হাসান আলী।
হাসান আলী অধিনায়ক হিসেবে বলেছেন শাদাব খানের নাম। পাকিস্তান ক্রিকেট লিগ (পিএসএল) নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে হাসান আলীকে জিজ্ঞেস করা হয়েছিল শাদাব নেতৃত্বের জন্য তৈরি কি না। হাসান বলেছেন, ‘আমি মনে করি সে (শাদাব) অধিনায়কত্বের জন্য প্রস্তুতই। সে পিএসএলে অধিনায়কত্ব করে নিজেকে প্রমাণ করেছে। পাকিস্তান দলকেও বোধ হয় দু-একবার ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছে। সুতরাং আমি মনে করি শাদাব তৈরি। সে সব সময়ই নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখে এবং নিজের সেরাটা দেয়।’
হাসান ও শাদাব দুজনই পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন। ২০১৯ সালে শাদাব অধিনায়কত্বও করেছেন। সাদা বলের ক্রিকেটে তিনি পাকিস্তানের সহ-অধিনায়কও। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে চোটের কারণে খেলতে না পারার কারণে সহ-অধিনায়ক করা হয় শান মাসুদকে।
ইসলামাবাদ ইউনাইটেডকে ৩২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শাদাব। এর মধ্যে তাঁর দল জিতেছে ১৭ ম্যাচে, হেরেছে ১৫ ম্যাচে। বেশ কয়েক দিন ধরে বাতাসে গুঞ্জন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নাকি অন্তত একটি সংস্করণের অধিনায়কত্ব থেকে বাবর আজমকে সরিয়ে দিতে চাচ্ছে। বাবরের ওপর থেকে চাপ কমাতেই নাকি পিসিবির এমন ভাবনা।