পদত্যাগ করেছেন শাম্মি সিলভা ও তাঁর নির্বাহী কমিটি
পদত্যাগ করেছেন শাম্মি সিলভা ও তাঁর নির্বাহী কমিটি

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি ও নির্বাহী কমিটির পদত্যাগ

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা এবং নির্বাহী কমিটির সদস্যরা আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে আগের দিন এক বিশেষ কমিটির সভায়।

জানা গেছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে শাম্মি সিলভাকে পদত্যাগের অনুরোধ করেছিলেন। আর্থিক অনিয়মের অভিযোগ ও জনরোষের মুখে গত শুক্রবার শাম্মি সিলভার সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক হয়, যেখানে ‘সৌহার্দ্যপূর্ণ বিদায়’ নিয়ে সমঝোতাও হয় দুই পক্ষের।

শ্রীলঙ্কা সরকার এখন একটি অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগ করবে ক্রিকেট বোর্ডে, যার প্রধান হতে পারেন সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নে। সংস্কার কার্যক্রম গতিশীল করতে এই কমিটিতে দেশটির দুই কিংবদন্তি ক্রিকেটার সিদাথ ওয়েত্তিমুনি ও রোশান মহানামাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এসএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা আজ থেকে কার্যকর হওয়া তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরাও একযোগে পদত্যাগ করেছেন এবং এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট দিশানায়েকে ও ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগেজকে জানিয়ে দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেট দল

থিলাঙ্গা সুমাথিপালার উত্তরসূরি হিসেবে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার এসএলসির সভাপতি হন শাম্মি সিলভা। সুমাথিপালার অনুসারী হিসেবে পরিচিতি থাকলেও পরে তিনি নিজের অবস্থান পোক্ত করেন। এই সাত বছরের মধ্যে চারবার সভাপতির পদে বসেন তিনি, যার মধ্যে তিনবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

শাম্মি সিলভার মেয়াদে শ্রীলঙ্কার পুরুষ ও নারী ক্রিকেট দল এশিয়া কাপের শিরোপা জিতলেও মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল না। তাঁর সময়ে ছেলেদের জাতীয় দল র‍্যাঙ্কিংয়ে অবনতির পাশাপাশি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ ও ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার মুখে পড়ে। চলতি মাসের শুরুতে গ্যারি কারস্টেনকে পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলেও বোর্ডের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের জোরালো দাবি থামানো যায়নি।