ছবিটি সর্বশেষ এশিয়া কাপ ফাইনালের। এবার এশিয়ান গেমসের ফাইনালেও খেলবে ভারত–পাকিস্তান
ছবিটি সর্বশেষ এশিয়া কাপ ফাইনালের। এবার এশিয়ান গেমসের ফাইনালেও খেলবে ভারত–পাকিস্তান

এশিয়ান গেমস ক্রিকেটে ভারত–পাকিস্তান ফাইনাল

ভারতের টি-টুয়েন্টি ব্যাটিং লাইনআপের গভীরতার প্রশংসা না করে উপায় নেই। একজন ব্যর্থ হলে আরেকজন ঠিকই দায়িত্ব নেন। আজ জাপানের নিশিনে এশিয়ান গেমস ক্রিকেটে ছেলেদের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তাঁদের ব্যর্থতার দিনে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ঈশান কিষান।

ঈশান কিষানের ব্যাটে ভর করে ভারত তোলে ১৬৯ রান। এরপর বল হাতে বাকি কাজটা করেছেন যশপ্রীত বুমরারা। শ্রীলঙ্কাকে ৪৫ রানে গুটিয়ে ১২৪ রানের বড় জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।

এশিয়ান গেমস ক্রিকেটে ছেলেদের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারায় পাকিস্তান। ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ফিফটির পর ঈশান

আজ বল হাতে শ্রীলঙ্কার শুরুটা ভালোই হয়েছিল। ৩ ওভারে ২৪ রান তুলতেই ভারত ২ উইকেট হারায়। তবে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী পাল্টা আক্রমণে ২১ বলে ৩৮ রান করেন। চারটি চার ও দুটি ছক্কায় সাজান ইনিংসটি।

সূর্যবংশী আউট হওয়ার পর ভারতের রানের গতি কিছুটা ধীর হয়ে যায়। ফিরে যান অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলও। তখন ভারতের ইনিংসের দায়িত্ব নেন ঈশান। একের পর এক বড় শটে শ্রীলঙ্কার স্পিন আক্রমণকে শাসন করেন।

ঈশানের ছয় ছক্কার চারটিই এসেছে লং অন ও লং অনের মাঝামাঝি অঞ্চল দিয়ে। সঙ্গে চারটি বাউন্ডারিও মারেন। শেষ পর্যন্ত ঈশানের অপরাজিত ৪৬ বলে ৮০ রানের সুবাদে বড় সংগ্রহ পেয়ে যায় ভারত।

বল হাতে ২ উইকেট নেন অভিষেকও

ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে শ্রীলঙ্কার জন্য ১৭০ রানের লক্ষ্য অনেক বড় সংগ্রহই ছিল। সেটা আরও বড় হয়ে যায় বুমরার করা প্রথম ওভারে শ্রীলঙ্কা দুই উইকেট হারালে। শ্রীলঙ্কা এরপর উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে।

ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন বুমরা, অক্ষর ও অভিষেক। ওয়াশিংটন সুন্দর পেয়েছেন ১টি, শ্রীলঙ্কার ইনিংসে রানআউট হয়েছেন তিনজন।