বৈভব সূর্যবংশী
বৈভব সূর্যবংশী

১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে

মারলেই ছক্কা, না হলেও বল গিয়ে পড়বে সীমানার খুব কাছে। অন্তত চার। বৈভব সূর্যবংশী যেন মহাভারতের ভীম! ব্যাট তাঁর হাতে গদার মতোই এক শাসনদণ্ড, যেটির কাজ সামনে যা আসবে, তাকেই মেরে উড়িয়ে দেওয়া।

দোহায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচে গতকাল আরও একবার ‘গদা’ তথা ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন বৈভব ‘ভীম’। ভারত ‘এ’ দলের হয়ে আমিরাতিদের নিয়ে যা খুশি করলেন। বোলাররা অসহায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলেন মাথার ওপর দিয়ে রকেটের মতো উড়ে যাচ্ছে বল। দোহার মাঠে যেন ছক্কার টর্নেডো!

ফলাফল—রেকর্ড আর রেকর্ড। স্বীকৃত ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম এক শ, দ্রুততম দেড় শ, দ্রুততম দুই শ, এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা—সব রেকর্ড মাত্র একটি ম্যাচেই নিজের করে ফেললেন বিহারের ১৫ বছর বয়সী ব্যাটসম্যান। ৫৩ বলে ২০৪ রানের ইনিংসে মেরেছেন ২৮টি ছক্কা আর ৭টি চার।

অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের ২৯ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী। ফিফটি করেছেন মাত্র ১৬ বলে। তিন অঙ্কে পৌঁছাতে লেগেছে আরও ১২ বল। দেড় শ করেছেন ৪০ বলে, ৫২ বলে দুই শ।

ব্যাট হাতে বৈভব সূর্যবংশী তাঁর ঐশ্বর্যের সীমা কেবলই বাড়িয়ে যাচ্ছেন। কিন্তু কীভাবে? তিনি যে মারলেই বল মাঠছাড়া হয়, কোন কৌশলে? শুধুই কি টেকনিক, নাকি গায়ের শক্তিটাও যোগ হয় তাতে? হলে কোত্থেকে এই শক্তি আসে তাঁর গায়ে, কী খেয়ে বৈভব সূর্যবংশীর ব্যাট আজ এত ‘বিত্তশালী’!

কীভাবে এই সূর্যবংশীর এই ‘বৈভব’

দিনে আট ঘণ্টার কঠোর পরিশ্রম, ১০০ ওভার ব্যাটিং, ৬০০ বল খেলার অনুশীলন, খাবারে নিয়ন্ত্রণ। বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের পেছনে আছে ছোটবেলা থেকে গড়ে ওঠা এ রকম বেশ কিছু অভ্যাস।

ক্রিকেটের প্রতি তাঁর আগ্রহ ছোটবেলা থেকে, অনুশীলনেও ছিলেন অসম্ভব মনোযোগী। পাটনার জেননেক্স ক্রিকেট একাডেমিতে আট বছর বয়স থেকে তাঁকে প্রশিক্ষণ দিয়েছেন কোচ মনীশ ওঝা। ভারতের সংবাদমাধ্যমকে বিভিন্ন সময় তিনিই জানিয়েছেন, সূর্যবংশীর আজকের আগ্রাসী ব্যাটিংয়ের পেছনে থাকা দীর্ঘ ছয় বছরের কঠোর পরিশ্রমের কথা।

বৈভব সূর্যবংশী

এ বছরের ১৫ জুন এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওঝা জানান, সূর্যবংশী ছোটবেলায় প্রতিদিন প্রায় আট ঘণ্টা অনুশীলন করতেন। বয়স ১০ হওয়ার পর থেকে তাঁর অনুশীলনের পরিমাণ বেড়ে যায় অবিশ্বাস্যভাবে। দিনে প্রায় ১০০ ওভার ব্যাটিং করতেন তিনি। কোচের হিসাব অনুযায়ী, কোনো কোনো দিন ৬০০টিরও বেশি বল খেলেছেন সূর্যবংশী।

যেভাবে সম্ভব হতো এই দীর্ঘ অনুশীলন

ওঝা নিজেই নাকি তাঁকে ২০০ থেকে ৩০০ বল থ্রোডাউন করতেন। তিনি ক্লান্ত হয়ে পড়লে একাডেমির অন্য সহকারীরা দায়িত্ব নিতেন। পরে বোলাররাও যোগ দিতেন অনুশীলনে। একজন কিশোর ব্যাটসম্যানকে তৈরি করতে শুধু তাঁর নিজের পরিশ্রম নয়, কাজ করেছে একটি পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা।

ক্রিকেটে ‘মাসল মেমোরি’ বলে একটা কথা আছে। একই ধরনের শট বারবার খেলার ফলে শরীরের পেশি ও স্নায়ুর মধ্যে তৈরি হয় একটা সমন্বয়। বলের লাইন ও লেংথ বুঝে কখন ব্যাট চালাতে হবে, কতটা শক্তি প্রয়োগ করতে হবে, শরীরের ভারসাম্য কীভাবে ধরে রাখতে হবে—এসব সিদ্ধান্ত ধীরে ধীরে সহজাত হয়ে ওঠে। সূর্যবংশীর ব্যাটিংয়ে সেই প্রক্রিয়ায় বেড়ে ওঠার ছাপ স্পষ্ট। তিনি শুধু জোরেই ব্যাট চালান না, তাঁর টাইমিংও অসাধারণ। তাঁর শটের গতি ও দূরত্ব দুটোই তাই হয় বেশি।

শুধু ব্যাটিং দক্ষতা বাড়ানোর অনুশীলন নয়, শারীরিক সক্ষমতা বাড়ানোর দিকেও সূর্যবংশী সব সময় যত্নশীল। গত ডিসেম্বরে তাঁর ফিটনেস কোচ মনীশ ঝা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ছোটবেলা থেকেই ওজন নিয়ে ব্যায়াম আর কার্ডিও করেন এই ক্রিকেটার। তাঁর ফিটনেস প্রশিক্ষণের মধ্যে অন্যতম স্প্রিন্ট, দৌড় এবং হাই ইনটেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং (এইচআইআইটি)। এসব অনুশীলনে শরীরের সহনশীলতা বাড়ে, ক্ষিপ্রতা আসে, যোগ হয় বিস্ফোরক শক্তি।

একজন ব্যাটসম্যানের জন্য এগুলো কেন জরুরি

বড় শট খেলার ক্ষেত্রে শুধু হাতের পেশির শক্তিই কাজে লাগে না। পায়ের অবস্থান, কোমরের ঘূর্ণন, শরীরের ভারসাম্য এবং দুই হাতের সমন্বয়—সবকিছুই গুরুত্বপূর্ণ। দ্রুত ব্যাট চালানোর জন্য প্রয়োজন শক্তিশালী শরীরের পাশাপাশি শরীরের ওপর নিয়ন্ত্রণও। আবার দীর্ঘ সময় ব্যাটিং করতে হলে দরকার সহনশীলতা। সূর্যবংশীর অনুশীলনে এই দুই দিকেই গুরুত্ব দেওয়া হয় সব সময়।

কী খান সূর্যবংশী

খাবারের অভ্যাসে বড় পরিবর্তন এসেছে তাঁর। শৈশবের কোচ মনীশ ওঝার দেওয়া তথ্য, সূর্যবংশী একসময় মাটন আর পিৎজা খেতে খুব পছন্দ করতেন। কিন্তু ওজন ও ফিটনেসের কথা বিবেচনা করে তাঁকে এই দুই খাবার থেকে দূরে রাখা হয়। চিকেনও ছিল পছন্দের খাবার।

বাবা সঞ্জীব সূর্যবংশী অবশ্য পরে জানিয়েছেন, ছেলে নাকি চিকেন খাওয়াও ছেড়ে দিয়েছেন। এখন প্রাণিজ খাবারের বদলে উদ্ভিজ্জ খাবারের ওপর নির্ভরতা বাড়িয়েছেন সূর্যবংশী। তাঁর খাবারের তালিকায় মূলত থাকে ডাল, ভাত, সবজি, ফল ও পনির।

২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি প্রকাশিত ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এক প্রতিবেদনে সূর্যবংশীর বাবার বরাত দিয়ে খাদ্যাভ্যাসে এই পরিবর্তনের কথা জানানো হয়। বাবা জানিয়েছেন, ফিটনেস ধরে রাখার জন্যই তাঁর ছেলে এই সিদ্ধান্ত নিয়েছে। পনির খাচ্ছেন বেশি। ডাল আর সবজিও রয়েছে খাবারের তালিকায়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে তাঁর খাবারের ক্ষেত্রে বাদাম ও বীজজাতীয় খাবারের কথাও এসেছে।

সূর্যবংশীর প্রতিদিনের সম্পূর্ণ খাদ্যতালিকা, খাবারের পরিমাণ, প্রোটিন ও ক্যালরির হিসাব নির্দিষ্টভাবে পাওয়া যায়নি। কাজেই কোনো একটি নির্দিষ্ট খাবারকে তাঁর শক্তির একমাত্র উৎস বলা যাবে না। পর্যাপ্ত ক্যালরি, প্রোটিন, শর্করা, স্বাস্থ্যকর চর্বি ও বিশ্রাম—একজন ১৫ বছর বয়সী খেলোয়াড়ের আসলে সবকিছুরই প্রয়োজন। সূর্যবংশীর খাবারের পরিবর্তনকে তাই শুধু মাংস ছেড়ে দেওয়ার মুখরোচক গল্প হিসেবে দেখার সুযোগ নেই। খেলার প্রয়োজন মেনে খাদ্যাভ্যাসে পরিবর্তন আর শৃঙ্খলা আনাটাই এখানে বেশি গুরুত্বপূর্ণ।

পরিবারের ভূমিকা

সূর্যবংশীর আজকের ‘ভীম’ হয়ে ওঠার ক্ষেত্রে পরিবারের ভূমিকাও কম নয়। শৈশব থেকেই ছেলের ক্রিকেটের প্রতি আগ্রহকে গুরুত্ব দিয়েছেন বাবা সঞ্জীব সূর্যবংশী। বিভিন্ন সময় কোচদের বক্তব্যে উঠে এসেছে, ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে তাঁর মা–বাবার ত্যাগ স্বীকারের কথা। আন্তর্জাতিক মানের ক্রিকেটার হতে প্রতিভার সঙ্গে যে সঠিক সময়ে সঠিক প্রশিক্ষণ, উপযুক্ত পরিবেশ আর পরিবারের নিরবচ্ছিন্ন সমর্থনও প্রয়োজন—সূর্যবংশী সেটিরও দারুণ এক উদাহরণ।

পরিবারের সঙ্গে সূর্যবংশী

ভয়ডরহীনতা তাঁর ব্যাটিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ও আকর্ষণীয় দিক। বয়সের তুলনায় অনেক পরিণত শট নির্বাচনের ধরন। বোলার কে, পরিস্থিতি কী, প্রতিপক্ষের চাপ কতটা—কিছুই তোয়াক্কা না করে নিজের শক্তি ও সামর্থ্য অনুযায়ী খেলতে পারেন সূর্যবংশী। এই সাহসের পেছনেও আছে অনুশীলন থেকে পাওয়া আত্মবিশ্বাস। ছোটবেলা থেকে নেটে হাজার হাজার বল খেলার অভিজ্ঞতাই তাঁকে ম্যাচে সঠিক শটটি বেছে নিতে সাহায্য করে।

২৮ বলে সেঞ্চুরি তাই শুধু বিস্ময়কর প্রতিভারই প্রদর্শনী নয়, দীর্ঘ প্রস্তুতিরও ফল। আট বছর বয়সে শুরু হওয়া প্রক্রিয়া, প্রতিদিন দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন, ফিটনেস ট্রেনিং, খাবারে সংযম—সব মিলিয়েই তৈরি হয়েছেন আজকের বৈভব সূর্যবংশী। তাঁর শক্তির রহস্য কোনো ‘টনিক’ খাবারে লুকিয়ে নেই। এটি আসলে প্রতিদিনের অনুশীলন, শরীরচর্চা, আত্মনিয়ন্ত্রণ আর ব্যাটিং দক্ষতার সমন্বয়।

দোহায় ২৮ বলের সেঞ্চুরি আর রেকর্ডের ঝড় বইয়ে দিয়ে বিহারের বিস্ময়বালক যেন আরও একবার জানিয়ে দিলেন—ব্যাট হাতে ‘ভীম’ হতে হলে যে শক্তিটা লাগে; সেটা শুধু কিছু খেয়ে আসে না, তার পেছনে থাকে দীর্ঘ পরিশ্রম, ত্যাগ আর না খাওয়ার গল্পও।